You are currently viewing আমাদের কবিতা-গানে জীববৈচিত্র্যের ছবি || আমিনুল ইসলাম

আমাদের কবিতা-গানে জীববৈচিত্র্যের ছবি || আমিনুল ইসলাম

আমাদের কবিতা-গানে জীববৈচিত্র্যের ছবি
আমিনুল ইসলাম

রূপ-রস-গন্ধে ভরা এই পৃথিবীটা মানুষের একার জন্য নয়। জলে-স্থলে হাজারো রকমের প্রাণী, কীট-পতঙ্গ, অসংখ্য প্রকারের উদ্ভিদ, বৃক্ষরাজি। নানা রঙের ফুল, নানা রকমের পাখি। প্রাণী ও উদ্ভিদ মিলিয়ে পৃথিবীর জলে ও স্থলে প্রাণের যে মেলা-সরলার্থে তা-ই জীববৈচিত্র। জীববৈচিত্র্যের মধো আন্তঃপ্রজাতি বা প্রজাতির বৈচিত্র এবং পরিবেশের বৈচিত্র্য রয়েছে। জীববৈচিত্র্য একারণেই যে, সকল প্রাণী ও উদ্ভিদের সুষম সহাবস্থানই পৃথিবীকে প্রাণী ও উদ্ভিদের বাসযোগ্য করে রাখে এবং রেখেছে। এই জীববৈচিত্র্যের অস্তিত্ব রক্ষায় অপরিহার্যরূপে অস্তিত্ববান পরিবেশ ও প্রতিবেশ: পাহাড়, নদী, ঝরনা, সাগর, পর্বত, আকাশ, বাতাস, চন্দ্র সূর্য তারা। সুন্দর বাসস্থানের জন্য বিচিত্র প্রাণী ও উদ্ভিদের উপস্থিতির আবশ্যকতা অনস্বীকার্য। বনে হরিণ না থাকলে চিতাবাঘের গায়ে অপরিমেয় শক্তির জোগান থাকবে না; আবার বাঘ না থাকলে হরিণ হারিয়ে ফেলবে তার চঞ্চল চরণের ক্ষিপ্রগতি, বনভেদী চাহনি। সকল প্রাণীর উচ্চারণমালা, সকল পাখির মধুর কাকলি, উদ্ভিদের সবুজ অভিব্যক্তি, পাহাড়ের ঝরনা, নদীর কুলকুল ধ্বনি এসবকিছু নিয়েই ‘লক্ষযুগের সঙ্গীতমাখা সুন্দর ধরাতল’।(‘পুরস্কার’, রবীন্দ্রনাথ ঠাকুর) বনবিভাগ সংগত কারণেই আজকাল এই ধারণাটি নিয়ে জোরেসোরে কথাবার্তা বলছে। পৃথিবীতে যে সব লতাগুল্ম, বৃক্ষরাজি, মাছ, কীট-পতঙ্গ এবং অন্যান্য প্রজাতির প্রাণী আছে, তারা প্রকৃতিতে পরস্পর প্রয়োজনে লড়াই করে এবং তার চেয়ে বেশি পার¯পরিক নির্ভরশীলতার মাধ্যমে বেঁচে থাকে। প্রকৃতিতে বিরাজমান পারস্পারিক স্বাভাবিক দ্বন্দ্ব ও নির্ভরশীলতা তাদের সকলের ভারসাম্যপূর্ণ সংখ্যা ও পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে অটুট রাখে। সকল প্রাণী ও উদ্ভিদ প্রজাতির প্রকৃতিক নিয়মে দ্বন্দ্ব-নির্ভরশীলতার-মাধ্যমে টিকে থাকার পক্ষে যে ধারণা সম্প্রতি বেশি বেশি উচ্চারিত হচ্ছে, তার নাম জীববৈচিত্র্য। কৃত্রিমভাবে কোনো বিশেষ প্রাণী বা উদ্ভিদ প্রজাতি নিধন করা হলে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে এবং ক্ষতি হবে সকলের। যেমন- ব্যাঙ উজাড় হয়ে গেলে ক্ষতিকর পোকামাকডের বৃদ্ধি ঘটবে, সাপের সংখ্যা কমে যেতে পারে এবং ইঁদুরের উপদ্রব বেড়ে যাবে। তাছাড়া ইঁদুর নানা বৈজ্ঞানিক পরীক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে নতুন আবিস্কারে সহায়তাও করে থাকে। সকল প্রাণী যেহেতু মূলত উদ্ভিদ বা অরণ্যের ওপর নির্ভরশীল জীবন যাপন করে এবং যেহেতু সকল জীবের বাঁচার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ ও ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড অপসারণ করে থাকে বৃক্ষরাজি বা অরণ্য, তাই জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের কেন্দ্রে রয়েছে বৃক্ষনিধন এবং বন উজাড় হওয়া কার্যকরভাবে প্রতিহত করা। বিজ্ঞানমতে একটি প্রমাণ সাইজের আমগাছ পাঁচসদস্য বিশিষ্ট একটি পরিবারের সারা বছরের অক্সিজেন সরবরাহ করতে পারে। ১ হেক্টর পরিমাণ বনভূমি ৬০০-৬৫০ কেজি অক্সিজেন সরবরাহ করে এবং একই সাথে ৯০০ কেজি কার্বন-ডাই-অক্সাইড বাতাস হতে অপসারণ করে থাকে। একটি গাছ পরিবেশ বিশুদ্ধ রাখার জন্য যে অবদান রাখে তা বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে করা হলে কমবেশি ১৫ লক্ষ টাকা খরচ হবে। ৫০০ মিটার বনভূমি ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমাতে পারে। (‘অরণ্যের জন্য ভালাবাসা’, আ,ল,ম, আবদুর রহমান) বৃক্ষ ও প্রাণীর ইতিহাস পারস্পারিক নির্ভরশীলতা ও সহ-অস্তিত্বের ইতিহাস।

প্রায় ৩০০ কোটি বছরের বিবর্তনে জীববৈচিত্র্য বর্তমান পর্যায়ে পৌঁছেছে। হিসাব মতে বর্তমানে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণ প্রজাতির সংখ্যা একত্রে প্রায় ১ কোটি ২০ লক্ষ। (‘অরণ্যের জন্য ভালাবাসা’, আ,ল,ম, আবদুর রহমান) সমগ্র জীবনের মূলে রয়েছে সূর্য। মাটি ফুড়ে উঠে তা প্রথম অনুভব করেছিল উদ্ভিদ এবং তাই সে-ই প্রথম সূর্যকে প্রণতি জানিয়েছিল। উদ্ভিদকে জন্ম দিয়ে বসুন্ধরা অনুভব করেছিল প্রথম সৃজন বেদনা- এবং বাৎসল্য মায়া। প্রকৃতি প্রেমিক কবি রবীন্দ্রনাথের গভীর অনুভূতিময় কাব্যিক উচচারণ ছুঁয়েছে সেই রহস্যের রোমাঞ্চকর শরীর:

অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান
প্রাণের প্রথম জাগরণে, তুমি বৃক্ষ, আদিপ্রাণ-
ঊর্ধ্বশীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা
ছন্দোহীন পাষাণের বক্ষ-পরে, আনিলে বেদনা
নিঃসাড় নিষ্ঠুর মরুস্থলে।
(‘বৃক্ষবন্দনা’, রবীন্দ্রনাথ ঠাকুর)।

পবিত্র ধর্মগ্রন্থে মানুষের প্রতি ইঙ্গিত করা হয়েছে, তারা যেন অযুত সৃষ্টির বৈচিত্র্যময় সমাহারকে দুচোখ ভরে দেখে এবং তাকে অস্বীকার না করে। বলা অযৌক্তিক নয় যে সৃষ্টিকে অন্তর্দৃষ্টি দিয়ে এবং মনের ভালোবাসা মিশিয়ে দেখার চোখ মূলত কবি সম্প্রদায়ের। কবিরা জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার না করলেও তাদের কবিতায় জীববৈচিত্র্য ও তার পটভূমি, পরিবেশ ও প্রতিবেশের ছবি এঁকেছেন নিপুণহাতে। কবির পক্ষেই তাঁর জন্মভূমিকে ‘নমো নমো নম সুন্দরী মম জননী বঙ্গভূমি’ (‘দুই বিঘা জমি’, রবীন্দ্রনাথ ঠাকুর) বলে সম্বোধন করে তার জীববৈচিত্র্যভরা প্রকৃতির বন্দনা করা সম্ভব। রবীন্দ্রনাথের ‘দুই বিঘা জমি’ কবিতায় গঙ্গা নদী-স্নিগ্ধ সমীরণ, অবারিত মাঠ, উদার আকাশ, ছায়াসুনিবিড় গ্রাম, পল্লবঘন আম্রকানন, মাঠের রাখাল, দিঘির কালো জল একটি জনপদকে ভরে তুলেছে জীব ও উদ্ভিদের সুষম সহ-অবস্থানের পটভূমিতে। আর নদী থাকলেই মাছ, কুমির, শশক, নৌকাসহ মাঝি; মাঠ থাকলেই শস্যের সারি, পশুপাখি, কৃষকের গান, আকাশ থাকলেই মেঘ, বলাকার উড্ডীন ডানা; পল্লবঘন আম্রকানন থাকলেই ভোমরা, মৌমাছি, ফুল ও ফলের সমাহার, পাখির কুজন; রাখাল থাকলেই গবাদির পাল, মেঠোসুরে বাঁশি। এখানেই তো জীববৈচিত্র্যের শত এককের ছড়াছড়ি।

পরিবেশ বিজ্ঞানে একটি কথা আছে: প্রতিবেশ। কোনো একটা নির্দিষ্ট অবস্থানে প্রাকৃতিকভাবে বেঁচে থাকা সকল উদ্ভিদ ও প্রাণীর সমাহারকে ঐ অবস্থানের প্রতিবেশ বলা হয়। এর দুটি অঙ্গ। মাটি, পানি, বায়ু আলো হচ্ছে জড়জগৎ। উদ্ভিদ ও প্রাণী মিলিয়ে প্রাণের জগৎ। দুটো মিলে প্রতিবেশ। আমার যখন ছোট, পাঠশালার যাত্রী; মন্ত্রমুগ্ধের মত পড়েছি, মুখস্থ করে শুনিয়েছি বন্দে আলী মিয়ার সেই বিখ্যাত কিশোর কবিতা ‘আমাদের গ্রাম’, যা একটি সুন্দর প্রতিবেশের উদাহরণ হিসেবে উল্লেখিত হতে পারে । সেখানে মায়ের সমান ছোট গ্রামকে প্রকৃতি আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে রাখে, সে গ্রামের মাঠ ভরা ধান, জলভরা দিঘিতে চাঁদের আলো পড়ে ঝিকমিক করে ওঠে পরিবেশ। আমগাছ, জামগাছ, বাঁশঝাড়, পর¯পর আত্মীয়ের মতো মিলেমিশে রয় এবং সকালে সোনালি সূর্য পূর্বদিকে ওঠার সাথে সাথে পাখির কুজন ও মৃদমন্দ বাতাসের ফিসফিসানিতে সাড়া দিয়ে ফুটে ওঠে শত রকমের শত বর্ণের ফুল। কবি দেখেছেন: ‘মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন।’ (‘আমাদের গ্রাম’, বন্দে আলী মিয়া) জীববৈচিত্র্যের মূলকথাও হচ্ছে অনুকূলে ভৌগোলিক প্রতিবেশে সকল প্রাণী ও উদ্ভিদের এই ‘মিলে মিশে’ থাকা।

সুজলা-সুফলা শস্যশ্যামলা বাংলাদেশ। ফুলপাখি, গাছপালা, জলজ প্রাণ, পাহাড় নদী এসবকিছুর সমাহার আমাদের দেশকে ভরে তুলেছে মুখরিত জীববৈচিত্র্যে। পল্লীকবি জসীমউদদীন দেখেছিলেন প্রাণপ্রাচুর্যে ভরা গ্রামবাংলার এই রূপ। তিনি শহরের জীববৈচিত্র্যহীন যন্ত্রনির্ভর পরিবেশ ছেড়ে আধুনিক মানুষকে ‘গাছের ছায়ার লতায় পাতায় উদাসী বনের বায়’-ভরা গ্রামে বেড়াতে যাবার ‘নিমন্ত্রণ’ জানিয়েছেন আজ থেকে অনেক বছর আগেই। সেখানে রাখাল ছেলে গরু চরায় মাঠে, তার বাঁশির সুরে কান পাতে গাঁয়ের যুবতি, সেখানে গাছে গাছে ডাকে দোয়েল-শ্যামা-ঘুঘু; সেখানে রাস্তার ধারে খালে কিলবিল করে ডানকিনে মাছ, সেখানে নদীর জল কাকের চোখের মতো কালো। কবি আল মাহমুদ তাঁর মায়ের হারানো ‘নোলক’ খুঁজতে গিয়ে ঘুরে বেড়িয়েছেন সারা বাংলাদেশ। খুঁজে পাননি; তবে এ দেশের মাটিজলে তিনি পেয়েছেন জীববৈচিত্র্যে ভরা এক নান্দনিক মিলনমেলার সন্ধান। সে মিলন মেলায় বোয়াল মাছ, তিতাস নদী, সাদা বকের ঝাঁক, সবুজ বন, বনের হরিণ, টিয়ে, সবুজ চুলে ফুলপরা বনের সাধারণ পাখি, সুগন্ধীযুক্ত ফুল, আহারভরা বুক নিয়ে পাহাড় এবং পাতার ফাঁকে-চেয়ে-থাকা হাজারো হরিণ পারস্পারিক সৌহার্দ্য ও নির্ভরশীলতার মধ্য দিয়ে আমাদের এবং তাদের সকলের মাতৃভূমিকে ভরে রেখেছে বিচিত্র আনন্দ ও সৌন্দর্যের সমারোহে। কবিতাটির কয়টি লাইন উদ্ধৃত করা যেতে পারে:

শাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে।
জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনে দিক
সবুজ বনের হরিণ টিয়ে করে রে ঝিকমিক।
বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই
আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই।
কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন
আমার তো সব পাখপাখালি বনের সাধারণ।
সবুজ চুলে ফুল পিন্দেছি নোলক পরি না তো।
ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো-
বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক।
হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ।
(‘নোলক’, আল মাহমুদ)

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি উপাধি শুনে মনে হয় শুধু ভাঙচুর, শুধু বিপ্লব, শুধু তোলপাড়। ভয়ে শিউরে ওঠে গা। অথচ এই মানুষটির হৃদয়জুড়ে বাংলাদেশের পাহাড়-ঝর্ণা-নদী, বনের প্রাণী, ফুলের বাগান, পাখপাখালির মেলা। নজরুলের একটি গান এমন-

আকাশ হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ
ঐ পাহাড়ের ঝর্না আমি উধাও হয়ে বই গো
উধাও হয়ে বই।।
চিতা বাঘ মিতা আমার গোখরো খেলার সাথী
সাপের ঝাঁপি বুকে করে সুখে কাটাই রাতি…..।
ঘূর্ণী হাওয়ার উড়নি ধরে নাচি তা থৈ থৈ
ও আমি নাচি তা থৈ থৈ
পাহাড় ঘুমায় ঐ।।
(নজরুলসংগীত)

কাজী নজরুল ইসলামের এই গানে মানুষ, সাপ, চিতাবাঘ প্রভৃতি প্রাণী এবং আকাশ, পাহাড়, ঝরনা, ঘূর্ণি হাওয়া বন সবাই মিলে যে আনন্দযজ্ঞের আয়োজন করেছে, তাতে তারা নিজেরাও নিমন্ত্রিত, নিমান্ত্রিত জগতের অন্যান্য প্রাণী এবং উদ্ভিদও। তা না হলে নজরুল এই আনন্দ-আয়োজনের জীবন্ত কথাচিত্র আঁকলেন কীভাবে? আকাশে হেলান দিয়ে পাহাড়, পাহাড়ের কন্যা ঝরনা, ঝরনার মিতা চিতাবাঘ, তার খেলার সাথী গোখরো ও ঘূর্ণি হাওয়া এবং সে ঘূর্ণি হাওয়ার উড়নি ধরে তাথৈ থৈ নেচে বেড়ায়। এদের যে কোনো একটির অনুপস্থিতি আনন্দ-সমগ্রের অঙ্গহানি ঘটাবে এবং তা থৈ থৈ পাগলপারা আনন্দ-নৃত্যের ছন্দপতন ঘটবে। যদি পাহাড় না থাকে তবে ঝরনা জন্মরহিত হবে; ঝরনা না থাকলে নদী শুকিয়ে যাবে এবং পাহাড় না থাকলে পর্যাপ্ত বৃষ্টিও হবে না। ফলে মরে যাবে উদ্ভিদ। শুকিয়ে যাবে বন। বন না থাকেল চিতাবাঘ, হরিণ, সাপ, পাখি কোনোটাই থাকবে না। সবুজের রাজধানী মরুতে রূপান্তরিত হবে। হারিয়ে যাবে জীববৈচিত্র্য; অসম্ভব হয়ে পড়বে মানবসম্প্রদায়ের দীর্ঘ ও উপভোগ্য অস্তিত্ব। এমন মধুর গান রচনা ও সুর সৃষ্টির ভাবনাও বাসা বাঁধবে না কবির মেধা ও মননে। বিরাজমান সকল প্রাণী ও উদ্ভিদ একটি ভৌগোলিক প্রতিবেশে বৃহত্তর জীবন-সমাজের পরস্পরের সম্পূরক ও পরিপূরক হয়ে, জগতের আনন্দ-যজ্ঞের আয়াজক ও অংশীদার হয়ে নিজ নিজ প্রজাতির স্বাভাবিক অস্তিত্বের আয়ুস্কাল পূরণ করবে- এটাই জীব-বৈচিত্র্যের মর্মবাণী। সেই মর্মবাণীর কাব্যিক ও সুরেলা কথাচিত্র কাজী নজরুল ইসলামের এই গান।

নজরুলের কবিতা-গানে অসংখ্য পাখপাখালির মেলা; হরেক রকম ফুলের সমাহার। তাঁর কবিতা পড়ে, গান শুনে মনে হয় জীববৈচিত্র্যের বন্দনা এ সব। নজরুলের পাখিগুলোর নামের তালিকা পাখি বিশারদদেরও বিস্মিত করবে। তিনি কি কখনো ড. সালীম আলীর মতো বিলে-ঝিলে, বনে-জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন? তাঁর পাখপাখালির নাম:- নীলকণ্ঠ, চড়ূই, হাঁড়িচাঁচা, মানিকজোড়, ঘুঘ, হলদেপাখি চুমকড়ি, ছাতারে, ময়না, কুক, টুনটুনি, শালিক, মুরগি, বাবুই, খঞ্জনা, পানকৌড়ি, রাজপাখি হুতুমপেঁচা, বক, ভুতমপেচাঁ, জলপায়রা, টিয়া, পেঁচা, সারস, মৌটুসী, গাঙচিল, চিল, কাক, ফিঙ্গে, ডাহুক, বলাকা, চোখগেল, চখাচখী, শকুন- শ্যামা, কপোত, হাঁস, বউ কথা কও, দোয়েল, চকোর-চকোরী, চাতক, ময়ূর, কৌকিল, পাপিয়া, বুলবুল, কোয়েলিয়া, বুনোহাঁস, শুকসারী, বনকপোত, জলপায়রা, মাছরাঙ্গা মরাল প্রভৃতি। এসব পাখির জন্য রয়েছে বিল-নদী, গাছপালা, ফুল ও ফল। নজরুলের কবিতা-গানে এত বিচিত্র ধররের ফুলের নাম ব্যবহ্নত হয়েছে যে, তাঁর কবিতা-গানকে বাংলার ফুলবাগান বলা চলে। নজরুলের ফুলের নামগুলো হচ্ছে: মহুয়া, পলাশ, বকুল, শিমুল, অশোক, চম্পা, মধুমালতি, বেলা, পথ-মজ্ঞুরী, কদম, সন্ধ্যামালতী, কমল, শাপলা, মল্লিকা, শালুক, পদ্ম, চামেলী, সূর্যমুখী, সন্ধাামণি, রজনীগন্ধা, কুমুদিনী, তারাফুল, চাঁপা, গোলকচাঁপা, নার্গিস, টগর, যুথী, বেল, গোলাপ, পারুল, বৈঁচি, কলমি লতা, ভাঁটফুল, রক্তশালুক, হলুদচাঁপা, কেয়া, নীলশালুক, জুঁই, নীলকলম, ডালিম, বনফুল, শিরীষ, বাবলাফুল, কেতকী, নাগকেশর, মৌরিফুল, শিউলি, কুন্দ, করবী, কনকগাঁদা, কৃষ্ণচুড়া, কৃষ্ণকলি, অপরাজিতা, মাধবী, বনতুলসী, দোলনচাঁপা, মল্লিকা, হিজল, ঝিঙেফুল, রঙন, হাসনাহেনা, সর্ষেফুল, কামিনী, নেবুফুল, সজিনা ফুল, সোঁদালফুল, কাঁঠাল-চাঁপা, কচুরী, জবা প্রভৃতি। জীববৈচিত্র্যের ধারণার বৃত্তের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির গৃহপালিত প্রাণী, বন্যপ্রাণী, নানাজাতের গাছপালা, লতাগুল্ম, কীটপতঙ্গ এবং তার অনিবার্য অনুষঙ্গ প্রাকৃতিক পরিবেশ-প্রতিবেশ। যেমন: পাহাড়-পর্বত, নদী, খাল,ঝরনা, মাটি, পানি, বায়ু ইত্যাদি। নজরুলের একটি গানকে জীববৈচিত্র্যময় প্রাকৃতিক প্রতিবেশের নমুনা হিসেবে উল্লেখ করা যায়। ত্রিতালে রচিত গানটির নাম ‘বসন্তমুখারী’ যা নিম্নরূপ:

বসন্ত মুখর আজি
দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে
বনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি’।।
অকারণ ভাষা তার ঝরঝর ঝরে
মুহু মুহু ‘কুহুকুহু’ ‘পিয়াপিয়া’ স্বরে,
পলাশ বকুলে অশোক শিমুলে
সাজনো তাহার কল-কথার সাজি।।
দোয়েল, মধুপ, বন-কপোত-কুজনে
ঘুম ভেঙে দেয় ভোরে বাসরশয়নে।
মৌনী আকাশ সেই বাণী বিলাসে
অস্ত-চাঁদের মুখে মৃদুমৃদু হাসে।
বিরহ শীর্ণা গিরি ঝরণার তীরে
পাহাড়ী বেণু হাতে ফেরে সুর ভাঁজি।।

নজরুলের এই একটি গানে পাহাড়, ঝরনা, নদী, জঙ্গল, গাছপালা, ফুলপাখি, কীটপতঙ্গ, আকাশ, চাঁদ, বাঁশি, বাসরশয়ন, বিরহ-মিলন সমীরণ, বনমর্মর, প্রকৃতির ভাষা এ সবকিছুই জীববৈচিত্র্যের বাহ্যিক রূপের বাহার ও আত্মিক ঐকতানের মাধুর্য নিয়ে সুষম সহাবস্থানের ছবি হয়ে ফুটে উঠেছে।
প্রকৃতির আর এক নিবিড় সন্তান কবি জীবনানন্দ দাশ। সুজলা-সুফলা-শস্যশ্যামলা পাখিডাকা ছায়াঢাকা বাংলার রূপ তাঁর চোখে ধরা দিয়ে দিয়েছে জীববৈচিত্র্যের সমাহার নিয়ে। বাংলাদেশের নদনদী, পাখপাখালি, কীটপতঙ্গ, বৃক্ষরাজি, লতাগুল্ম-শস্য-ফল, মাটির গন্ধ, আকাশের রঙ, নদীর কুলকুল ধ্বনি, পাখির কুজন, গুবরে পোকার অস্ফুট ভাষা, বনের মর্মর সবকিছুই জীবনানন্দের কবিতায় উপস্থিত হযেছে নতুন মাত্রা ও নবতর ব্যঞ্জনা নিয়ে। তাঁকে প্রকৃতির নিবিড় চিত্রকর বলা যায়। তাঁর ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থকে উদ্ভিদ-উদ্যান ও ইকোপার্ক এর শাব্দিক প্রতিচ্ছবি বলা চলে। নমুনাস্বরূপ উক্ত কাব্যগ্রন্থের নিচের কবিতাটি:

এই পৃথিবীতে এক স্থান আছে – সবচেয়ে সুন্দর করুণ:
সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকূপী ঘাসে অবিরল:
সেখানে গাছের নাম: কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল;
সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ;
সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে- সেখানে বরুণ
কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গীরে দেয় অবিরল জল;
সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল,
সেইখানে লক্ষীপেঁচা ধানের গন্ধের মতো অ¯ফুট, তরুণ;
সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকার ঘাসের উপর;
সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকারে সন্ধ্যার বাতাসে;
সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর –
শঙ্খমালা নাম তার; এ-বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে
তারে আর খুঁজে পাবে নাকো বিশালাক্ষী দিয়ে ছিলো বর,
তাই সে জম্মেছে নীল বাংলার ঘাসে আর ধানের ভিতর।
(‘এই পৃথিবীতে এক’, জীবনানন্দ দাশ)।

জীবনানন্দের কবিতার রাজ্যে জলসিঁড়ি, ধানসিঁড়ি, ধলেশ্বরী, কর্ণফুলী, জলাঙ্গী, গাঙুড়, পদ্মা নদীর জল পান করে বেড়ে উঠেছে অসংখ্য উদ্ভিদ-ঔষধি, বনজ ও ফলজ গাছ। কাঁঠাল, হিজল, ডুমুর, জাম, বট, অশ্বত্থ, ফণীমনসা, শটিবন, কলমিদাম, ভাঁটফুল, অপরাজিতা, আকন্দ, বাসকলতা, কামরাঙ্গা, বেত, নাটা, ধুন্দল, ভেরেন্ডা, তাল, তেঁতুল, কদম, শিয়ালকাঁটা, আনারস, শিমুল, কাঁঠাল, লালশাক, বুনোচালতা, হেলেঞ্চা, বাঁশ, পলাশ, কাঁঠালীচাঁপা, কাঞ্চনমালা, সুন্দর, মাদার, পরথুপী, মধুকুপীঘাস, লিচু, রুপশালীধান, বালামী-ধান, শাল, সেগুন, পশমিনা ধান, কমল, গোলপাতা, করবী, আশশ্যাওড়ার বন, সজিনা, জামরুল, গাব, শসলতা, করমচা, বেলকুড়ি, সুপারির বন, ক্ষীরুইগাছ, ঢেঁকিশাক, সর্ষেক্ষেত্র, বাসমতী, চিনিচাঁপা, পামগাছ, লেবুগাছ, এলাচিফুল, দারুচিনি, আলোকলতা, দ্রোণফুল, তলতাবাঁশ, মৌরীফুল, নোনাফুলের গাছ, আতাগাছ, ঝাউবন, জামরুল, আমগাছ, খাগড়ার বন, নলখাগড়া, শ্যাওয়া, কাশবন, গোলাপ, কাঁটাবন, বেলগাছ, শিউলি, বাবলা, মাকাল, শিরীষবন, বাতাবিলেবু, মেহগিনি, তরমুজ, পেয়ারা, মোরগফুল, অর্জুন, মটকাফলের গাছ, দেবদারু, চোরকাঁটা, হরিতকি, পিয়াশাল, পিয়াল, আমলকি, নিম, জামিরের বন, পিপুল, কলার বাগান, হোগলা, চন্দ্রমল্লিকার বন, জলপাই, জাফরান, উলুবন, টমাটো, তমাল, বঁইচির ঝোপ, শাঁই বাবলা, ক্যানাফুল, নাগার্জুন, নাশপাতি, নাগেশ্বর, নাহর গাছ, পুষ্পসেবী, পানবন, রজনীগন্ধা, কাঞ্চন, পুঁই, ডুমুর, শেফালী, কৃষচুড়া, কুল প্রভৃতি। আর এই সবুজ প্রাণের সমারোহকে কলকালতি ও মধুর গুজ্ঞনে ভরে রেখেছে জীবনানন্দ দাশের পাখি ও কীটপতঙ্গের দল। দাঁড়কাক, শালিখ, লক্ষীপেঁচা, গাঙশালিখ, হাঁস, রাজহাঁস, দোয়েল, বক, মাছরাঙ্গা, শ্যামা, ঘুঘু, কবুতর, ফিঙে, খজ্ঞনা, শকুন শঙ্খচিল, গাঙচিল, বউ কথা কও, চড়ূই, কোকিল, পানকৌড়ি, ডাহুক, মুনিয়া, শুক, নিমপাখি, সুদর্শন, নিমপেঁচা, চকোর-চকোরী, বাদুড়, হীরামন, মরাল, পাপিয়া জীবনানন্দ দাশের জামিরের বনে, হিজলের ডালে, বঁইচির ঝোপে গান গেয়ে চলেছে দিনরাত। তার সাথে মেঠো ইঁদুর, গোবরে পোকা, ঝিঁঝিপোকা, গঙ্গাফড়িঙ, কাঁচপোকা, প্রজাপতি, শ্যামাপোকা, নীলভোমরা, ভীমরুল, রুপলিমাছ, স্বরপুটিমাছ, রুপালিচিতল, সাপমাসী, বেজী, জোনাকি-পাকা, মাছ প্রভৃতির অর্ধ¯ফুট ভাষা ও ধ্বনি তাঁর কবিতাঙ্গনকে ভরে তুলেছে নিবিড়প্রাণের গুঞ্জরনে। তাই তো এই প্রাণের মেলা ছেড়ে যেতে চানন