You are currently viewing আলী সিদ্দিকী // দু’টি কবিতা

আলী সিদ্দিকী // দু’টি কবিতা

আলী সিদ্দিকী // দু’টি কবিতা

ধুলোয় লেখা অনুপস্থিতি

মাঝপথে শেষ হওয়া গল্পের উপসংহারের অপেক্ষা করে না
কেউ
খসে পড়া মৃত নক্ষত্রের খোঁজে কেউ হয় না বিবাগী
ঝরে যাওয়া পাতার কিংবা
সৌন্দর্য বিলানো থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়া
ফুলের খোঁজ কেউ রাখে না—-
বিষয় বুদ্ধিহীন এ আমি শুধু খুঁজে ফিরি ঝরাজীবন।

কুয়াশার ভিতর যে পথ একদিন নদীর দিকে যেত
আজ তার শরীরে কেবল ঘাসের অনিদ্রা;
ধানের গন্ধে ফিরে আসে হারানো কোনো শৈশব,
তারপর বাঁশবনের অন্ধকারে মুছে যায় নিঃশব্দে ।

শিউলি ঝরে থাকে ভোরের শীতল উঠোনে
শিশির মুছে নেয় তার শরীরের শেষ আলো;
ফুলের মৃত্যু বড় কোনো ঘটনা নয়—
তবু তার সামান্য পতনে কেন পৃথিবী এত নিঃস্ব হয়?

পুরোনো বাড়ির জানালায় সন্ধ্যা এসে বসে
দেয়ালের চুনে ক্ষয়ে যায় মানুষের ছায়া;
যে ঘরে একদিন নিঃশ্বাসের উষ্ণতা ছিল
সেখানে বাতাসও আজ ভুলে থাকে নিজের নাম ।

কাশবনের ওপারে নদী ধীরে ধীরে অন্ধকার হয়
জলের ভিতর ডুবে যায় অস্তমান আকাশ;
একটি মুখ ভেসে উঠে আবার ভেঙে যায়—
স্মৃতিরও যে কোনো স্থায়ী শরীর নেই।

কোন পাখি জানে তার হারানো ডালের কথা?
কোন ফুল মনে রাখে তার ঝরে যাওয়া ঋতু?
আমরাই শুধু মৃত জিনিসের পাশে বসে
তাদের শেষ আলোটুকু তুলে নিই হাতে ।

রাত্রি গভীর হলে মাটি আরও কাছে আসে
ঘাসের ডগায় জমে থাকে অদৃশ্য ক্ষয়;
কোনো নাম উচ্চারণ করি না তখন—
মনে হয়, নামেরও একদিন কবর হয়।

তবু ভোর হলে নদী তার জল নিয়ে ফিরে আসে,
ধানক্ষেতে জেগে ওঠে সবুজের অন্ধ বিশ্বাস;
শিশিরে আবার কেঁপে ওঠে মৃত ফুল—
পৃথিবী বেঁচে থাকে, তার মৃতেরা শুধু ফেরে না।

তখন বুঝি—হারানো মানে হারিয়ে যাওয়া নয়,
কিছু কিছু জীবন আমাদের ভিতরেই ঝরে;
একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখি—
যাকে খুঁজেছি এতকাল সে ক্ষয়ে গেছে আমার ভিতর ।

এই পৃথিবী পূর্ণ হয় না কোনোদিন—
যতক্ষণ ঝরা জীবনের ধুলোয় তোমার মুখ খুঁজে ফিরি;
সন্ধ্যা নামে, স্মৃতি থাকে, নিয়ম করে রাতও
শুধু তুমি আর ফিরে আসো না।

সকল বন্ধন ছিঁড়ে আমরা আবার হয়ে গেছি শুরুর
আগের মতো অচেনা
হয়ে গেছি আলাদা জগতের বাসিন্দা—আজনবী;
ধুলোয় লেখা সময়ে আলোকিত তোমার অনুপস্থিতি।

সংহার

একটি শেকড় উপড়ানো গাছকে জিজ্ঞেস করে দেখো
তার আহত শরীরের বেদনাকে কি নামে তুমি ডাকবে
ক্ষরণের স্রোতধারা তুলছে নূপুরের কি রকম ঝংকার
গর্তে পরিণত হওয়া তার প্রিয় বসতিতে কারা ঘুমাবে।

জানতে চাও শুকাতে থাকা তার ডালপালার কি হবে
একসময়ের সুশোভিত দৃষ্টিনন্দিত পাতাদের সংসার
পরিযায়ী পাখিদের চারণভূমির কে হবে আশ্রয়দাতা
নৃশংস সময় করেছে এমনতরো রক্তাক্ত বৃক্ষ সংহার।
******************************************

Leave a Reply