শিশির আজমঃ দুইটি কবিতা
মিনার
আমাদের বেঁচে থাকবার জন্য
ঝরা পাতা, ধুলো, রক্ত আর অপমান
আমাদের সঙ্গে সারাক্ষণ।
তুমি দেখতে পাচ্ছো না
ক্ষুধা, অশ্রু, ক্রোধ
মিলেমিশে হয়ে উঠছে আস্ত এক মিনার।
এই মিনার তুমি দেখতে পাবে
যখন
তোমার বেঁচে থাকবার কোন কারণ
আর থাকবে না।
নদী নেই যে নক্ষত্রের
সেদিন রাত্তিরে আমার ঘরের পেছনে
দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম শীর্ণকায় এক নক্ষত্রকে
সে ছিল হতাশাগ্রস্ত
আর যন্ত্রণাকাতর
‘তুমি কেন নদীর কাছে গেলে না’
ওকে প্রশ্ন করলাম আমি
‘নদী কে
আজ অব্দি আমি কোন নদীকে দেখিনি’
হ্যা আমাদের জানা দরকার
নদী ছাড়া কোন নক্ষত্রই বাঁচে না
নদী কে আর নক্ষত্র কে
ওরা কি আমাদের ভেতরেরই কেউ
****************************
