You are currently viewing রওশন রুবীঃ দুইটি কবিতা

রওশন রুবীঃ দুইটি কবিতা

রওশন রুবীঃ দুইটি কবিতা

কোথায় আছেন রানু’দি দূর

প্রতিনিয়ত হেরে যাওয়াদের দলে আমি রানু’দি।
জিততে চাইনি কখনো, একথা আপনি ভালো জানেন।
জানালা টপকে পালিয়ে যেদিন টপার হয়েও বলিনি-
“আমি সেই পালাতক।” আপনার সুঢৌল ঠোঁটে
একপলক রঙধনু দেখে জানি না কেন যে ডুবেছি
সেই দ্বিতীয় বার; বিশ্বাস করুন আজো সেই সে
আবেশ ফেলে ভেসে উঠিনি বলে- দুঃখ নেই।
ঋতুচক্রের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে দৌড়াতে
পুনঃ পুনঃ নির্মাণে সঙ্গ চেয়েছি আপনার।
পূবাকাশ লাল হলেই ভয়ের বোতাম খুলে
বেরিয়ে আসতো হলদে পালক; কুঁকড়ে যেতাম,
তখনো চেয়েছি আপনাকে, হ্যাঁ চেয়েছি; না পাই নি।
একদিন আপনি কিছু মানুষের সাথে হারিয়ে গিয়েছিলেন।
ভিড় দেখলেই আজো ছুটে যাই। ভীড় মিলিয়ে যায়।
আপনাকে দেখি না। কোথায় আছেন রানু’দি?
আর কোনদিন কী আমাদের দেখা হবে না?
মনে আছে, আপনি ভাগ্যশ্রী হয়ে বদলে দিতেন
আমার ভবিতব্য। আবার বদলে দিবেন জন্য আমি প্রতিক্ষায়।
কী ভীষণ চঞ্চল ছিলেন আপনি,
উদ্যমে ছুটতে ছুটেতে ফিকে হয়ে যেত ইচ্ছের আঁচল,
নাকফুল, ঠোঁটের রঙ, কাজলে অদ্ভুত দ্যুতি ছড়াতো।
বারংবার আষাঢ় মেঘের চেয়ে কালো ভ্রু কাঁপিয়ে
আপনি বুকে আগলে নিতেন আমার মুখ;
প্রতিবার হলুদের গন্ধে আমি ডুব সাঁতারের সম্মুখ।
সেই হলুদের গন্ধ এখনো তাজা হয়ে উঠে,
আপনার স্নিগ্ধ বকুলগন্ধা মুখ ছুঁই।
ফেলে গিয়ে বহুবার বহুরূপে অরূপেও ফিরেছে অনেকে,
ফিরেছেন যোদ্ধা, বীরাঙ্গনা, রিফোওজিরাও;
ফেরেন নি আপনি। অভিমান কত বড় হলে
ফিরে না আপন মানুষ? কত বড় অভিমান
বুকে চেপে আছেন; কোথায় আছেন রানু’দি?
আর কোনদিন কী আমাদের দেখা হবে না, হবেই না?

দেবলিনা

দেবলীনার চুলের গন্ধ ব্যক্তিগত ছিলো না অথচ এদিক ওদিক হলেই চুলকাঁটা খুলে যায় ওর হাওয়ায় ওড়ে দর্পিত যোদ্ধা যেমন
রহস্যময় হাসে জাফরানীগন্ধ।
পনেরো-ষোলো বছর বয়সে ও আমার বোনের বন্ধু
বাড়ি আসা-যাওয়ার যথেষ্ট কারণের মধ্য-
সাধারণ একটা কারণ- নোটস্।
ফাগুন বর্ষা শরত বসন্ত-ওরা বৃষ্টি-তোলপাড় কলকল,
ওরা সেতার, ওরা ধুম্রজাল ভিজিয়ে ভাসিয়ে কর্নিশে দাঁড়াতো
অযথাই চুলকাঁটা থেকে খসে পড়তো জাফরান দেবলীনা অনুমানও করতে পারেনি কোনোদিন- এই ধূ-ধূ মাঠ বন্দি করেছে সেই গন্ধ।
ওকে বলা হয়নি-
না এলে হাওয়ায় টান লাগে, রাত ফাঁকা হয়ে যায় গৃহমুখী হতে হতে ধ্যানী হয়েছে তুখোড় ইচ্ছে,
অনেকদিন অনেক বছর দেবলীনা আসেনি
ওর সাথে কখনো কি দেখা হবে?
বলা হবে-দেবলীনা দেবলীনা তুমি অবুঝ ঝড়োহাওয়া,
অযথাই টেনে নিয়ে বেঁচে আছো বিমুগ্ধ-বিস্ময়।
********************************

Leave a Reply