আলী সিদ্দিকীঃ তিনটি কবিতা
রেখেছি জীবন লগ্নি
বিচ্ছেদ ও বেদনার অগ্নি উৎসবের
সকল আয়োজন সম্পন্ন করেছে সময়
সূতোর দুই মেরুতে ঘুরছে বিনাশী কাল
আজ এসেছে সেই মাহেন্দ্রক্ষণ সুনিশ্চয়।
চাইনি বলতে কখনোই গুডবাই প্রিয়
পরাভূত করেছে জরা ও যুদ্ধের অসম শক্তি
তোমার থেমে যাওয়া পথের শেষে
আমার জন্য জমিয়ে রেখেছে সীমাহীন ক্লান্তি।
কখনোই বলতে চাইনি গুডবাই প্রিয়
আজ তুষরাবৃত হৃদয়ে জ্বেলেছি শোকাগ্নি
সমর্পিত জীবনের সকল আরাধ্য আয়োজন
তোমার হৃদয়ের কাছেই রেখেছি প্রিয় লগ্নি।
নিঃসাড় পঙতিমালা
ঘরটা ভয়ংকর ফাঁকা, কণ্টকাকীর্ণ।
আমি একা, নৈঃশব্দ্যবিদ্ধ।
তোমাকে ডাকলাম
সাজানো দেয়ালগুলো খলবল করে উঠলো
হেসে উঠলো আয়নার মুখ
ড্রেসিং টেবিলের উপরের যুগল ছবি ঈষৎ হাসে
ঘরময় তোমাকেই খুঁজি আমি।
যেখানে স্পর্শ করি সেখানেই অনুরণন
তোমার ঘ্রাণ
তোমার ফেলে যাওয়া স্মৃতির পাহাড়
গিলে নেয় আমাকে
সত্তার গহীনে নিঃস্বতা হাহাকার করে ওঠে।
নতুন অধ্যায়, বরফ শীতল।
অর্থহীন নিঃশ্বাস, শ্বাসরুদ্ধ অন্ধকার।
ব্যথারও আছে জয়গান
তুমি তো রইলে না প্রিয়
আক্ষেপটুকু না হয় থাক
থাক তোমাকে হঠাৎ হারিয়ে ফেলার মর্মবেদনা
শোকাগ্নিতে পুড়ে পুড়ে খাক হয়ে যাক হৃদয়পুর।
তুমি না হয় ছেড়ে দিয়েছো এ হাত নিজেরই অজান্তে
স্পর্শহীন আঙুলগুলো জমে জমে হোক মৃত পাথর
হৃদয় কুসুম সংক্রান্তি হয়ে যাক বোধহীনতায় নিথর
মোহমায়ার পঞ্চ ব্যঞ্জন বিস্বাদের সমুদ্রে তলিয়ে যাক
তুমি না হয় চলে গেছো বন্ধু
আমাকে করে গেছো নিরাশ্রয়
নিজ বাসভূমে হয়ে গেছি নীরবতার জমাট পাহাড়
তোমার যাপিত প্রহরগুলো উন্মাতাল নৃত্যে মশগুল।
তুমি হয়তোবা ভুলে গেছো তোমার সকল বিনির্মাণ
উদ্বেল বসন্তে যৌথ রচনার অনবদ্য সব পঙতিমালা
খোদার আরশে সমর্পিত কল্যাণের সব অনুচ্চ গান
হয়তো ভুলে গেছো তোমার ব্যথারও আছে জয়গান।
************************
