আমরাই একমাত্র কবিতা…
ঋতো আহমেদ
বিশতম জন্মদিনের চার মাস আগে এমিলি ডিকিনসন এমন একজনের সঙ্গে পরিচিত হন, যিনি পরবর্তী জীবনে তাঁর প্রথম এবং সর্বশ্রেষ্ঠ প্রেম হয়ে ওঠেন। সুসান গিলবার্ট নামের এক অনাথ, প্রশিক্ষণরত গণিতবিদ, যিনি তাঁর চেয়ে নয় দিনের ছোট ছিলেন। কবির জীবনজুড়ে সুসান ছিলেন তাঁর অনুপ্রেরণা, তাঁর পথপ্রদর্শক, তাঁর প্রধান পাঠক ও সম্পাদক, তাঁর আজীবনের সবচেয়ে গভীর বন্ধন এবং তাঁর পৃথিবীর একমাত্র নারী।
তৎকালীন নারীদের জন্য উপলব্ধ হাতেগোনা কয়েকটি প্রাতিষ্ঠানিকভাবে কঠোর শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম ইউটিকা ফিমেল একাডেমি থেকে স্নাতক হওয়ার পর সুসান গিলবার্ট তার বোনের কাছাকাছি থাকার জন্য অ্যামহার্স্টে স্থায়ী হয়েছিলেন। তারপর ১৮৫০ সালের গ্রীষ্মে তিনি ডিকিনসনের জীবনে প্রবেশ করেন। যে সময়টিকে ডিকিনসন পরবর্তীকালে স্মরণ করে বলেছিলেন, “ভালোবাসা প্রথম শুরু হয়েছিল সামনের দরজার সিঁড়িতে, আর সেই চিরসবুজ গাছের নিচে।”
বিশ বছর বয়সে সংযত ও গম্ভীর, সদ্য সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাওয়া বোনের জন্য কালো পোশাকে সজ্জিত সুসান, এমিলি এবং অস্টিন ডিকিনসনের উপর দ্বিগুণ মুগ্ধতা ছড়িয়েছিলেন। বোন এবং ভাই উভয়েই তার সংযত পাণ্ডিত্য এবং ইউরেনাসের মতো সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। তার চ্যাপ্টা, ভরাট ঠোঁট এবং কালো চোখ ঠিক পুরুষালি ছিল না, তার অমার্জিত ডিম্বাকৃতি মুখ এবং নিচু কপালও ঠিক নারীসুলভ ছিল না।
“সর্বশ্রেষ্ঠ জাদুবিদ্যা হলো জ্যামিতি,” এমিলি ডিকিনসন পরবর্তীকালে লিখবেন এই কথা। কিন্তু এখন তিনি এবং তাঁর ভাই, দুজনেই নিজেদেরকে আকৃতির এক অদ্ভুত মোহ আবিষ্কার করলেন, যে ত্রিভুজের এক প্রান্তে ছিলেন সুসান। কিন্তু এমিলির সেই মোহ কোনো ক্ষণস্থায়ী মোহ ছিল না। আমরা জানি, সুসান তাঁর হৃদয়ে জায়গা করে নেয়ার প্রায় দুই দশক পর, তিনি তীব্র আকাঙ্ক্ষা নিয়ে লিখবেন:
সুসানের মতো কাউকে পাওয়াটা আমার জন্য
এক পরম সুখের ব্যাপার—
প্রভু, আমি যে জগৎই ত্যাগ করি না কেন,
আমাকে তুমি এখানেই রেখো!
ডিকিনসনদের জীবনে সুসানের আগমনের পরের আঠারো মাস জুড়ে অন্তরঙ্গতার দারুণ এক ঝড় বয়ে গিয়েছিল। দুই তরুণী একসঙ্গে বনে দীর্ঘ পথ হাঁটত, বই বিনিময় করত, একে অপরকে কবিতা পড়ে শোনাত এবং এক নিবিড়, অন্তরঙ্গ পত্রালাপ শুরু করেছিল যা বিকশিত ও পরিবর্তিত হলেও আজীবন স্থায়ী হয়। এমিলি সুসানকে বলেছিলেন, “আমরাই একমাত্র কবিতা আর বাকি সবাই গদ্য।”
১৮৫২ সালের শুরুর দিকে, কবি ভাষায় প্রকাশ করার মতো নয় এমন মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। এক রবিবারে সুসানকে ইশারা করে ডাকলেন:
“আজ সকালে আমার সঙ্গে এসো আমাদের হৃদয়ের ভেতরের সেই গির্জায়, যেখানে ঘণ্টাগুলো সর্বদা বেজে চলেছে, এবং সেই ধর্মপ্রচারক— যার নাম প্রেম— আমাদের জন্য সুপারিশ করবেন!”
১৮৫১ সালের শরৎকালে সুসান যখন বাল্টিমোরে গণিতের শিক্ষিকা হিসেবে দশ মাসের একটি নিয়োগ গ্রহণ করলেন, এমিলি এই বিচ্ছেদে বিধ্বস্ত হয়ে পড়লেও মনকে প্রফুল্ল রাখার চেষ্টা করেছিলেন। একটি চিঠিতে তিনি ঠাট্টা করে লিখেছিলেন, “আমার প্রায়ই মনে হয়, তুমি হাতে একটি মোটাসোটা দ্বিপদী উপপাদ্য নিয়ে শ্রেণিকক্ষে নেমে আসো, যেটাকে তুমি ব্যবচ্ছেদ করে তোমার বোধহীন শিষ্যদের সামনে প্রদর্শন করো।” সুসান ছিলেন বিজ্ঞানেরই এক জীবন্ত প্রতিমূর্তি— হ্যাঁ, পরবর্তী দশকগুলোতে তিনি ডিকিনসনের কবিতায় ‘বিজ্ঞান’ রূপে আবির্ভূত হবেন।
১৮৫২ সালের বসন্তের শুরুতে লেখা এক ধূমকেতুর মতো চিঠিতে, সুসানের অনুপস্থিতির আট মাস পর, এমিলি যেন দ্বন্দ্বে ভরা আত্মপ্রকাশের এক বোমা ছুড়ে মারলেন:
“আমার প্রতি একটু সদয় হবে, সুজি? আজ সকালে আমার মেজাজ হয়ে আছে দুষ্টু আর খিটখিটে। এখানে কেউ আমাকে ভালোওবাসে না; তুমিও আমাকে ভালোবাসতে না, যদি দেখতে আমার মুখ গোমড়া, আর শুনতে আমি যখনই দরজা দিয়ে ঢুকি তখন কী জোরে শব্দ হয়; তবুও এটা রাগ নয়— আমার তো মনে হয় না, কারণ যখন কেউ দেখে না, আমি আমার অ্যাপ্রনের কোণা দিয়ে বড় বড় চোখের জল মুছে ফেলি, আর তারপর আবার কাজে লেগে যাই— তিক্ত অশ্রু, সুজি— এত গরম যে তা আমার গাল পুড়িয়ে দেয়, আমার চোখের মণি প্রায় ঝলসে দেয়, কিন্তু তুমিও তো অনেক কেঁদেছ, তুমি জানো যে এগুলো রাগের চেয়ে দুঃখেরই বেশি।
আমি তো দ্রুতই দৌড়ে পালাতে ভালোবাসি— ওদের সবার কাছ থেকে লুকিয়ে পড়তে চাই; প্রিয় সুসির ওই কোলের গভীরে, আমি জানি ভালোবাসা আর শান্তি আছে সেখানেই। আমি কখনো চলে যেতাম না, যদি না এই বিশাল দুনিয়া আমাকে ডাকত, কাজ না করার জন্য আমাকে প্রহার করত… তোমার অমূল্য চিঠিটা, সুসি, এখানে পড়ে আছে, আমার দিকে কী মিষ্টি হাসি হাসছে, প্রিয় লেখিকার কত মধুর স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। তুমি যখন ফিরবে, প্রিয়, আমি তোমার চিঠিগুলো পাব না, তাই না, কিন্তু আমি তোমাকে তো পাব, যা চিঠি পাওয়ার চেয়েও বেশি— হ্যাঁ, তার চেয়েও বেশি, তার চেয়েও ভালো, আমি ভাবতে পারছি না এত ভালো! এখানে আমার ছোট্ট চাবুকটা নিয়ে বসে আছি, সময়কে পিটিয়ে কেটে দিচ্ছি, যতক্ষণ না একটি ঘণ্টাও বাকি থাকছে— তারপর তুমি, এখানে! আনন্দও এখানে— আনন্দ চিরকালের তরে!”
সেই বছর, প্রুশিয়ার একটি গবেষণাগারে, চিকিৎসক ও পদার্থবিজ্ঞানী হারমান ফন হেলমহোলৎস স্নায়ু সঞ্চালনের গতি প্রতি সেকেন্ডে আশি ফুট পরিমাপ করেছিলেন। কী অচিন্তনীয় যে, এমন তীব্র অনুভূতি এবং এমন বিস্ফোরক আবেগ, এমন এক মন থেকে উৎসারিত হয় যা প্রতি সেকেন্ডে আলোকবর্ষ বেগে চলে বলে মনে হয়, তাকে নিছক বৈদ্যুতিক স্পন্দনে রূপান্তরিত করা যায়। তবুও আমরা তো তাই— জৈব-যান্ত্রিক জীব, আমাদের সমস্ত সৃজনশীল শক্তি, সমস্ত গাণিতিক হিসাবনিকাশ, ভালোবাসার সমস্ত উদ্দামতা— সহস্রাব্দ ধরে বিকশিত হওয়া স্নায়বিক পরিকাঠামোর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে আশি ফুট বেগে স্পন্দিত হয়। এমনকি এই বিষয়টি অনুধাবন করতে সংগ্রামরত উপলব্ধি করার ক্ষমতাটিও এই ধরনের বৈদ্যুতিক স্পন্দনেরই একটি ধারাবাহিকতা।
ডিকিনসনের ভালোবাসার বিদ্যুৎপ্রবাহ টিকে থাকবে, তার বাকি জীবন জুড়ে তার সত্তার ভেতর দিয়ে বয়ে চলবে। বহু বছর পরে, তিনি অমর এক কবিতায় তা প্রকাশও করবেন:
বেছে নিয়েছি আমি এই একটিমাত্র তারা
বিস্তৃত রাতের নক্ষত্রপুঞ্জ থেকে—
সু— চিরকালের জন্য!
কিন্তু এখন, প্রথম প্রেমের উদীয়মান উত্তাপে, চিরকালের সঙ্গে সংঘর্ষ বাধে চাওয়ার তাৎক্ষণিকতার। বসন্ত-আবেগের উচ্ছ্বাসের মাঝপথে, এমিলি হঠাৎ সুসানকে তৃতীয় পুরুষে স্থাপন করেন, যেন তাদের আসন্ন পুনর্মিলনের নাটকে এক সর্বশক্তিমান দর্শকের কাছে তার ইচ্ছা পূরণের জন্য মিনতি করছেন:
“আমার তাকে প্রয়োজন— তাকে আমার চাই-ই চাই, ওহ্ তাকে আমাকে দাও!”
যে মুহূর্তে তিনি তার আকুলতার নাম দেন, তার শিহরনকে সংযত করেন এক স্বচ্ছ আতঙ্ক দিয়ে যে তা হয়তো অবর্ণনীয় হতে পারে:
“আমি কি আক্ষেপ করি, এ কি শুধুই গুঞ্জন, নাকি আমি দুঃখী আর নিঃসঙ্গ, এবং কিছুতেই, কোনও কিছুতেই নিজেকে আটকাতে পারি না? মাঝে মাঝে যখন আমার এমনটা মনে হয়, ভাবি এটা হয়তো ভুল, ঈশ্বর তোমাকে কেড়ে নিয়ে আমাকে শাস্তি দেবেন; কারণ তিনি খুব দয়া করে আমাকে তোমার জন্য চিঠি লিখতে দিয়েছেন, তোমার মধুর চিঠিগুলো দিয়েছেন, কিন্তু আমার হৃদয় আরও চায়।”
এখানে, তাঁর কবিতার মতোই, ডিকিনসনের শব্দগুলো আক্ষরিক ব্যাখ্যার বাইরে বহু অর্থ নিয়ে ঝর্ণার মতো বয়ে চলে। তাঁর “ঈশ্বর”-এর প্রতি আহ্বান কোনো বিচ্যুতির জন্য পিউরিটানিক শাস্তির সামনে নতজানু হওয়া নয়, বরং সেই মতবাদের প্রতিই এক শ্রদ্ধাহীন চ্যালেঞ্জ। তিনি যেন জিজ্ঞেস করছেন, কোন ধরনের “ঈশ্বর” এমন অসীম মধুর ভালোবাসাকে ভুল প্রমাণ করতে পারেন?
চার বছর আগে, মাউন্ট হোলিওকে তাঁর পড়াশোনার সময়— সেই “বিজ্ঞানের দুর্গ” যেখানে তিনি তাঁর অসাধারণ হার্বেরিয়ামটি তৈরি করেছিলেন— এমিলি ধর্মের দাবিগুলো নিয়ে তাঁর শৈশব থেকে কুরে কুরে খাওয়া অস্পষ্ট সন্দেহকে রূপ দিতে শুরু করেছিলেন— যে সন্দেহকে তিনি পরে কবিতায় অমর করে রাখবেন:
এটা আমাকে ততটাই পীড়া দিত যতটা আমি একসময় ছিলাম—
কারণ আমি একসময় শিশু ছিলাম—
সিদ্ধান্ত নিতাম কীভাবে একটি পরমাণু— খসে পড়ল—
আর তবুও আকাশ— টিকে রইল।
সুসানের প্রতি তার আকাঙ্ক্ষার মুখোমুখি হয়ে ঈশ্বরের কাছ থেকে শাস্তির কোনও ভয় ছিল না তাঁর। বরং বিপথগামী হৃদয়ই ছিল তাঁর নিজের পুরস্কার এবং সেই সঙ্গে তার নিজেরই প্রতিফল। সেই উত্তপ্ত গ্রীষ্মে কাতরস্বরে তিনি লেখেন:
“তুমি কি কখনো ভেবে দেখেছো, সুজি, যদিও আমি জানি তুমি ভেবেছো, এই হৃদয়গুলো কত কিছু দাবি করে; কেন জানি আমি বিশ্বাস করি না যে এই বিশাল পৃথিবীতে এমন কঠিন ছোট ঋণদাতা— এমন সত্যিকারের ছোট কৃপণ— আছে, যাদের তুমি আর আমি প্রতিদিন আমাদের বুকে বয়ে বেড়াই। মাঝে মাঝে না ভেবে পারি না, যখন এই কৃপণ হৃদয়ের কথা শুনি, ‘একদম চুপ থাকো— নাহলে কেউ তোমাকে ধরে ফেলবে!’… আমি সত্যিই মনে করি সুজি ব্যাপারটা চমৎকার যে আমাদের হৃদয় প্রতিদিন ভাঙে না… কিন্তু আমার মনে হয় আমি পাথরের মতো কঠিন হৃদয় দিয়ে তৈরি, কারণ তা ভাঙে না, আর প্রিয় সুজি, যদি আমারটা পাথরের মতো হয়, তোমারটা তো পাথরের ওপর পাথর, কারণ যেখানে আমি পুরোপুরি পথভ্রষ্ট বলে মনে হয়, সেখানে তুমি একটুও ছাড় দাও না। সুজি, বলো আমায়, আমরা কি চিরকালের জন্য পাথরের মতো কঠিন হয়ে যাব— কেমন হবে ব্যাপারটা?”
এমিলির আত্মসমর্পণ আর দাবির মধ্যে, ভালোবাসার মুখোশ উন্মোচনের আকুতি আর ধরা পড়ে যাওয়ার ভয়ের মধ্যে দোদুল্যমানতায় এক স্পষ্ট অস্থিরতা ফুটে ওঠে। সেই মাসের শেষের দিকে, তিনি সুসানকে অনুরোধ করেন: “প্রিয়তম, তুমি তো জানো!”— এটি ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকের জুলিয়েটের সেই উক্তির প্রতি একটি ইঙ্গিত: “তুমি জানো আমার মুখে রয়েছে রাতের মুখোশ।”
জুন মাস নাগাদ, তিন সপ্তাহের মধ্যে বাল্টিমোর থেকে সুসানের ফেরার প্রত্যাশায়, এমিলি অসংযত অকপটতায় আকুল হয়ে ওঠেন:
“যখন আমি চারপাশে তাকিয়ে নিজেকে একা দেখি, আবার তোমার জন্য দীর্ঘশ্বাস ফেলি; ছোট্ট এক দীর্ঘশ্বাস, বৃথা এক দীর্ঘশ্বাস, যা তোমাকে ঘরে ফিরিয়ে আনবে না।
তোমাকে আরও বেশি করে প্রয়োজন আমার। এই বিশাল পৃথিবী আরও দূরে সরে যাচ্ছে… যতদিন ধরে তুমি দূরে থাকছো— সবচেয়ে বড় হৃদয়টাকে আমি মিস করছি; আমার নিজের সত্তা যেন এদিক-সেদিক ঘুরে বেড়ায়, আর সুজিকে ডাকে… সুজি, আমাকে ক্ষমা করে দিও প্রিয়তমা, আমার প্রতিটি কথার জন্য— আমার হৃদয় তোমাতেই পূর্ণ… তবুও যখন তোমাকে এমন কিছু বলতে চাই যা এই জগতের অন্য কারও জন্যে নয়, তখন আমার ভাষা ফুরিয়ে যায়… সেই প্রিয় দিনটি না আসা পর্যন্ত জানি যে আরও বেশি অধৈর্য হয়ে উঠব আমি, কারণ এ’ পর্যন্ত কেবল তোমার জন্যে শোকই করেছি; আর এখন তোমাকে পাবার আশা করতে শুরু করেছি।”
নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং ভালোবাসার প্রকাশ্য রীতিনীতির মধ্যেকার অসামঞ্জস্যের এক বেদনাদায়ক উপলব্ধি দিয়ে তার চিঠিটি শেষ করেন:
“এখন, বিদায়, সুজি… লাজুকভাবে একটি চুম্বন পাঠাচ্ছি, পাছে ওখানে কেউ থাকে! ওদের দেখতে দিও না, কেমন?”
এর দুই সপ্তাহ পর, সুসানের ফেরার আর মাত্র কয়েকদিন বাকি, তার প্রতীক্ষার আকুতি চরমে ওঠে:
“সুজি, তুমি কি সত্যিই আগামী শনিবার বাড়ি ফিরবে, আবার আমার হয়ে যাবে, আগের মতো আমাকে চুমু খাবে?… আমি তোমার জন্য কতই না আশা করে আছি, তোমার জন্য কতই না ব্যাকুল হয়ে থাকি, মনে হয় আমি আর অপেক্ষা করতে পারছি না, মনে হয় এখন তোমাকে আমার পেতেই হবে— তোমার মুখটা আরেকবার দেখার প্রত্যাশা আমাকে উত্তপ্ত জ্বরে আক্রান্ত করে তোলে, আমার হৃৎস্পন্দন খুব দ্রুত হয়ে যায়— রাতে ঘুমাতে যাই, আর প্রথম যে জিনিসটা মনে পড়ে, তা হলো আমি জেগে বসে আছি, হাত দুটো শক্ত করে ধরে আছি, আর আগামী শনিবারের কথা ভাবছি… কেন, সুজি, আমার তো মনে হচ্ছে যেন আমার অনুপস্থিত প্রেমিক খুব শীঘ্রই বাড়ি ফিরছে— আর আমার হৃদয় নিশ্চয়ই তার জন্য প্রস্তুত হতে ব্যস্ত খুব।”
ডিকিনসন প্রায়শই এবং ইচ্ছাকৃতভাবে নিজের ও তাঁর প্রিয়জনদের জন্য লিঙ্গবাচক সর্বনামের পুনর্নির্ধারণ করতেন। তাঁর ভালোবাসাকে আকাঙ্ক্ষার গ্রহণযোগ্য নারী-পুরুষের দ্বন্দ্বে নতুন করে ঢেলে সাজাতেন। সারাজীবন ধরে তিনি নিজেকে বোঝাতে প্রায়শই পুংলিঙ্গ ব্যবহার করতেন— তাঁর ‘বাল্যকাল’ নিয়ে লিখতেন, তাঁর চাচাতো ভাইবোনদের কাছে লেখা চিঠিতে ‘ভাই এমিলি’ বলে স্বাক্ষর করতেন, বিভিন্ন কবিতায় নিজেকে ‘বালক’, ‘রাজপুত্র’, ‘আর্ল’ বা ‘ডিউক’ বলে ডাকতেন, যার মধ্যে একটিতে তিনি এক হিংস্র রূপান্তরের মাধ্যমে নিজেকে লিঙ্গহীন করে তোলেন:
আমার তিলযুক্ত বক্ষ কেটে ফেলো!
আমাকে পুরুষের মতো দাড়িওয়ালা করে দাও!
বারবার তিনি সমস্ত সত্য বলতেন কিন্তু সেগুলো বলতেন ঘুরিয়ে। তাঁর ভালোবাসার পাত্রদের লিঙ্গকে তাদের জীববিজ্ঞানের সঙ্গে মানানসই সর্বনাম থেকে বিচ্ছিন্ন করে দিতেন। পরবর্তী জীবনে, প্রকাশের ভাবনার বশবর্তী হয়ে, তিনি তার বেশ কিছু প্রেমের কবিতায় সর্বনামগুলোকে পুরুষবাচক করে তুলেছিলেন। এগুলোকে তিনি বলতেন “দাড়িওয়ালা” সর্বনাম— যাতে তা বিষমকামীতার ছাঁচে খাপ খায়। ফলে এই কবিতাগুলোর দুটি সংস্করণ তৈরি হয়েছে: আগেরটি একজন নারী প্রেমিকাকে উদ্দেশ্য করে, পরেরটি একজন পুরুষকে উদ্দেশ্য করে।
সেই অসহ্য বসন্তে, তিনি ইতিমধ্যেই সুসানকে জানিয়েছিলেন যে তার “হৃদয় আরও চায়।” তাদের সাক্ষাতের প্রায় বিশ বছর পর, ডিকিনসন লিখবেন:
“যথেষ্ট হওয়াটা এত বিশাল এক মধুরতা যে, আমার মনে হয় তা কখনও আসেই না, আসে কেবল করুণ নকলগুলো।”
কিন্তু সেই বহু প্রতীক্ষিত শনিবারে সুসান যখন বাল্টিমোর থেকে ফিরলেন, তাদের মধ্যে কিছু একটা বদলে গিয়েছিল। সম্ভবত দশ মাসের এই অনুপস্থিতি, যা তাদের চিরাচরিত বনভ্রমণের বদলে ক্রমশ বাড়তে থাকা তীব্র চিঠিতে পরিপূর্ণ ছিল। সুসানকে বুঝিয়ে দিয়েছিল যে তার প্রতি এমিলির অনুভূতি ভিন্ন বর্ণের নয়, বরং সম্পূর্ণ ভিন্ন রঙের— এমন এক অনুভূতি যার সঙ্গে তিনি স্বভাবগতভাবেই পাল্লা দিতে অক্ষম ছিলেন। অথবা হয়তো এমিলি বরাবরই সুসানের হৃদয়ের কথা ভুলভাবে বুঝেছেন। কোনো প্রমাণের ভিত্তিতে নয়, বরং ইচ্ছাকৃতভাবে অন্ধ আশার উপর ভিত্তি করে অনুভূতির এক অলীক সামঞ্জস্য অনুমান করেছেন।
যেখানে পারস্পরিকতা ধরে নেওয়া হয়েছিল, সেখানে অনুভূতির অসামঞ্জস্য আবিষ্কারের বিভ্রান্তিকর মুহূর্তের চেয়ে বেশি আঘাতদায়ক আর কিছু নেই। এটা কল্পনা করা কঠিন যে ডিকিনসন এই দূরত্বকে কীভাবে নিয়েছিলেন— তিনি ছিলেন এমন একজন নারী যিনি সাধারণ মানুষের চেয়ে অনেক ঊর্ধ্বে এক আবেগঘন উচ্ছ্বাসে জগৎকে অনুভব করতেন এবং সেই কারণেই সম্ভবত সমান মাত্রায় বিপরীত চরম সীমায় তলিয়ে গিয়েছিলেন। কিন্তু মনে হয়, তিনি প্রথম থেকেই এমন ভয়টা পেতেন। ভয় পেতেন যে তার এই অদম্য অনুভূতিগুলো হয়তো কখনোই পুরোপুরি পূরণ হবে না। যেমনটা হয় বেপরোয়াভাবে ভালোবাসা মানুষদের অভিশাপ। পাঁচ মাস আগে, সুসানকে লিখেছিলেন:
“আমি তোমার উষ্ণ হৃদয়ের কাছে আশ্রয় নিতে চাই… সেখানে কি আমার জন্য কোনো জায়গা আছে, নাকি আমি গৃহহীন ও একা হয়ে ঘুরে বেড়াব?”
তিনি এও সন্দেহ করতেন যে, তার ভালোবাসার তীব্রতায় তিনি হয়তো নিজেকেই আঘাত করবেন:
“ওহ, সুজি, আমি প্রায়ই ভাবি যে আমি তোমাকে বলার চেষ্টা করব তুমি কতটা প্রিয়… কিন্তু শব্দগুলো আসে না, যদিও চোখে জল আসে, আর আমি হতাশ হয়ে বসে পড়ি… যাদের ভালোবাসি, তাদের কথা ভাবতে গিয়ে আমার সব বোধবুদ্ধি লোপ পায়। মাঝে মাঝে আমার ভয় হয় যে আমাকে হয়তো নিরাশ উন্মাদদের জন্য একটা হাসপাতাল বানাতে হবে। সেই সময়গুলোতে নিজেকে সেখানে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে, যাতে আমি তোমাকে আঘাত না করি।”
সুসানের ফিরে আসার আগে লেখা তার আকুল প্রতীক্ষার চিঠিতেও, তিনি এক মুহূর্তের জন্য প্রশ্ন তোলেন যে, যে ভালোবাসা তার দৈনন্দিন অস্তিত্বের মূল সত্য হয়ে দাঁড়িয়ে আছে, তা আদৌ বাস্তব কি না:
“আমি কি সত্যিই তোমাকে দেখব, “অস্পষ্টভাবে নয়, বরং মুখোমুখি”, নাকি আমি এমনটা কল্পনা করছি, আর এমন সুখের স্বপ্ন দেখছি যা থেকে দিন আমাকে জাগিয়ে তুলবে?”
তিনি জেগে উঠেছিলেন— রূঢ়ভাবে নয়, বরং সুস্পষ্ট এবং অপরিবর্তনীয়ভাবে। তার আকুতির উদ্বিগ্ন আকুতির মধ্যে এই দুঃখজনক অনুভূতিটি নিহিত যে, সুসান তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে— এবং অস্টিনের দিকে, যে তার প্রতি প্রকাশ্য প্রেম নিবেদন শুরু করেছিল।
সেই গ্রীষ্মে, এমিলি ডিকিনসন তার তামাটে চুল কেটে ফেলেন।
পরের শরৎকালে, সুসান গিলবার্ট অস্টিন ডিকিনসনকে বিয়ে করেন, মূলত এমিলির কাছাকাছি থাকার জন্য। তারা এভারগ্রিনসের বাড়িতে চলে যান। যে বাড়িটি অস্টিন ও এমিলির বাবা নবদম্পতিদের জন্য তৈরি করেছিলেন। হোমস্টেডের লনের ওপারে, যে বাড়িটিতে প্রেমকাতর এই কবি থাকতেন।
হোমস্টেড এবং এভারগ্রিনসের মাঝে শীঘ্রই ঘাসহীন একটি পথ তৈরি হয়, যেখান দিয়ে এমিলি ও সুসান প্রতিদিন একে অপরের সঙ্গে দেখা করতেন, পোশাকের বুক থেকে পিন খুলে একে অপরের হাতে চিঠি গুঁজে দিতে যেতেন। ডিকিনসন একে বলতেন, “দুজন প্রেমিকের জন্য চওড়া ছোট্ট একটা পথ।” পরবর্তী পঁচিশ বছরে, তাদের মধ্যে ২৭৬টি কবিতা আদান-প্রদান হয়েছিল— কিছু হাতে-হাতে, আর বেশিরভাগই ডাকযোগে। আমি প্রায়ই বিস্ময়ে ভেবেছি, কী কারণে কবি ঝোপঝাড়ের দিকে না গিয়ে ডাকবাক্সের দিকে যেতেন, আর নিজের বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বের কোনো বাড়ির ঠিকানায় খামে নিজের অনুভূতিগুলো ভরে দিতেন! অথচ হৃদয় তো পাথর নয়— এ তো পালকওয়ালা এক জিনিস।
কবির মৃত্যুর পর ডিকিনসনের এক বাল্যবান্ধবী তাঁকে স্মরণ করে বলছিলেন, “তিনি তাঁর সর্বশক্তি দিয়ে ভালোবাসতেন, এবং আমরা সবাই তাঁর সততাটুকু জানতাম, তাঁর ভালোবাসাকে বিশ্বাস করতাম।” সুসানের চেয়ে নিবিড়ভাবে সেই ভালোবাসা আর কেউ জানত না, কিংবা তাকে এতটা দৃঢ়ভাবে বিশ্বাস করার কারণও আর কারও ছিল না। অস্টিনের ভালোবাসা যেখানে কামনার উত্তাল উপরিভাগের ঢেউয়ের মতো তাঁকে ভাসিয়ে নিয়ে যেত, এমিলির ভালোবাসা সেখানে ভক্তির গভীর স্রোতে তাঁকে বয়ে নিয়ে যেত— এমন এক ভালোবাসা, যাকে ডিকিনসন দান্তের বিয়াত্রিচের প্রতি এবং সুইফটের স্টেলার প্রতি ভালোবাসার সঙ্গে তুলনা করতেন। সুসানকে ডিকিনসন তাঁর সবচেয়ে আবেগঘন চিঠিগুলো লিখতেন এবং তাঁর সবচেয়ে প্রিয় কবিতাগুলো উৎসর্গ করতেন; সুসানের কাছেই তিনি নিজেকে স্থির রাখতেন, তাঁর তীরে তিনি বারবার ফিরে আসতেন, জীবনের শেষ বছরগুলোতে লিখেছেন:
আমাকে অনন্তকাল দেখাও, আমি তোমাকে স্মৃতি দেখাব—
দুটোই একই প্যাকেজে শায়িত
আবার তুলে নেওয়াও—
তুমি হও স্যু— আমি যখন এমিলি—
এরপর হও— যা তুমি চিরকাল ছিলে— অসীম।
হ্যাঁ, অসীমের কিছু অংশ চিরকাল তাদের মাঝে থেকে যাবে। সম্পর্কের ত্রিশ বছর পর, সুসান ক্রিসমাসে এমিলিকে একটি বই উপহার দেবেন— ডিসরেলির প্রেমকাহিনী ‘এন্ডিমিয়ন’, যার নামকরণ করা হয়েছে কীটসের সেই বিখ্যাত কবিতা থেকে, যার শুরুটা হয় এই পঙক্তি দিয়ে: “সুন্দর জিনিস চিরকালের জন্যেই আনন্দের উৎস”— এবং তাতে উৎসর্গ করা থাকবে, “এমিলি, যাকে না দেখেও ভালোবাসি আমি।”
কিছু ভালোবাসা পারদের মতো সত্তার বুননে গেঁথে যায়, প্রতিটি স্নায়ুকোষ ও শিরায় পরিব্যাপ্ত হয়ে সেখানেই থেকে যায়। কখনও সুপ্ত, কখনও যন্ত্রণাদায়কভাবে অস্থির, যার অর্ধায়ু একটি জীবনকালকেও ছাড়িয়ে যায়।
পরবর্তীতে তাদের এই অসাধারণ ভালোবাসা, যার মহিমা ও বিষাদ ডিকিনসনের সমগ্র সাহিত্যকর্মের স্পন্দন হয়ে উঠতে দেখব আমরা। যা তার যুগকে আমূল পরিবর্তন করে দিয়েছিল এবং সাহিত্যের পরিমণ্ডলকে চিরতরে পাল্টে দিয়েছিল। এবং হয়ে উঠেছিল এমন এক সত্যের উজ্জ্বল সাক্ষ্য যে, আমাদের কাছে প্রতিয়মান হয় ভালোবাসা, আকুতি আর মানব হৃদয়ের অস্থিরতাই প্রতিটি সৃজনশীল বিপ্লবের সার্থক অনুঘটক।
১০ই এপ্রিল, ২০২৬; উত্তরা, ঢাকা।
***********************************
