মোস্তফা অভি || নিকট দূরের পদযাত্রা
(বড় গল্প)
ব্যাপারটা আমার কাছে অবিশ্বাস্য মনে হল, এই জাঁকজমকহীন নির্জন এলাকার ছোট্ট বাড়িটিতে শামীমার নামে কী করে চিঠি আসতে পারে! আমি শামীমাকে জিগ্যেস করলাম, তুই কি কারো কাছে আমাদের ঠিকানা সম্পর্কে জানিয়েছিস? শামীমা উত্তরে ‘না’ সূচক মাথা নাড়ল। এই খ্রিস্টান-অধ্যুষিত এলাকায় আমরা তিনমাস ধরে বসবাস করছি। বলা যায় এটা একপ্রকার আত্মগোপন। জলের ভেতর কোনোকিছুতে আটকে গিয়ে সেখান থেকে নিস্তার পেলে মানুষ যেভাবে দম ফেলে বাঁচে, আমাদের অবস্থাটাও ঠিক সেরকম। আমি আমার সংসার জীবনে দুর্বিষহ যন্ত্রণার ভেতর দিয়ে পার করছিলাম। সর্বদা চেষ্টা করতাম এ অবস্থা থেকে নিস্তার পেতে।
একদিন আঁখি আই কেয়ারের তৃতীয় তলায় আমি সিরিয়াল দিয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করছি। এক মধ্যবয়সি নারী আমাকে এমনভাবে পাশ কাটিয়ে চলে গেল, যেন বাতাসে পরিচিত কোনো গন্ধ পেলাম। আমি অন্যকিছু দেখার ভান করে যখন সামনে থেকে ওকে দেখলাম, মুহূর্তে আমার ভেতরের কোথায় যেন আকস্মিক সংগীতের সুর বেজে উঠল। আমি সেই সুরের মূর্ছনায় চৌদ্দ বছর আগের গভীর প্রবাহে হারিয়ে যেতে লাগলাম। ওর মুটিয়ে যাওয়া শরীরের চর্বিগুলো জামার ওপর দিয়ে আমার চোখে আটকে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম, প্রায় এক যুগের অধিক সময়ে এই পৃথিবীর বহু কিছু পাল্টে গেছে ঠিক আমার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটির মতন। শামীমা আমার তুলনায় বিচক্ষণ ছিল, ওর দীর্ঘাঙ্গী অবয়ব আর সুন্দর চোখজোড়া আমাকেই বেশি আকর্ষিত করত। হয়তো সেজন্যই আমি ওকে দেখামাত্রই চিনতে পারলাম। আমি শামীমাকে বললাম, কী সৌভাগ্য আমার, অপ্রত্যাশিতভাবে তোর সঙ্গে দেখা হয়ে গেল। শামীমা আমার দিকে ভ্রু কুঁচকে তাকাল। ও ঠোঁটদুটো বাঁকা করে কেমন আহ্লাদিত সুরে বলল, আমিও তোকে বহুদিন ধরে খুঁজছি।’
এটাও কি সম্ভব! আমি শামীমাকে বললাম। কলেজে আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আমরা পরস্পর এতটাই কাছের ছিলাম, অন্যরা আমাদের দেখে হিংসায় জ্বলে যেত। তবে আমি তোকে যেভাবে ব্যথিত করেছিলাম তাতে কখনোই মনে হয়নি তোর সঙ্গে আবার কখনো দেখা হতে পারে!
আমি বললাম, তুই আমাকে ব্যথা দিয়েছিলি এটা সত্য, তবে মন থেকে আমি কখনোই তোকে মুছে ফেলতে পারিনি। আমি মনে মনে প্রত্যাশা করতাম, ঠিক একদিন তোকে খুঁজে বের করে ফেলব। হয়তো আমার প্রত্যাশা ছিল স্বর্গীয় আলোর মতো পবিত্র। আমার আত্মবিশ্বাস সুগন্ধের মতো বাতাসে এমনভাবে ছড়িয়ে পড়েছিল, শেষপর্যন্ত সত্যিই আমাদের দেখা হয়ে গেল।
শামীমার হাসিটা সুন্দর, ওর কথা বলাটা সাজানো আর চোখদুটো পিটপিট করা শৈল্পিক। ও আমার কাঁধের ওপর শালীনভাবে হাত রেখে বলল, একটুও বড় হওনি বাবু, ঠিক বাচ্চাসুলভই আছ।
শামীমা আর আমি একই ইয়ারে একই ডিপার্টমেন্টে পড়তাম। তবে এত বছর পরেও ওর আর আমার শারীরিক পরিবর্তনগুলো চোখে পড়ার মতো। আমি ঠিক জানি না, আমার সাঁইত্রিশ বছরের শরীরিক কাঠামো কী করে এখনো বাইশ বছরের যুবকের মতো থাকতে পারে! অথচ আমার সমবয়সি মেয়েগুলো খুব সহজেই বুড়িয়ে যায়। ওদের চামড়ায় ভাঁজ পড়েছে, পেটের চর্বি ঝুলে গেছে। আবার এক বান্ধবীকে দেখলাম, কানের উপরদিকে কাশফুলের মতো কয়েকগাছি সাদা চুল উঁকি দিচ্ছে।
এটা আমার বহুদিনের প্রশ্ন, ওরা কেন এত দ্রুত অন্তিমের দিকে এগিয়ে যায়! সে যা-ই হোক, শামীমাকে নিয়ে আঁখি আই কেয়ারের নিচে নামলাম। আমাদের ঘর-সংসার, পেশাগত কাজ আর উভয়ে চিনি এমনসব বন্ধুদের নিয়ে অনেক কথাবার্তা হল। তবে ওর কথায় কোথাও একফোটা আবেগ খুঁজে পেলাম না। এতটুকু কৌতুকও করল না আমার সঙ্গে। অথচ বহুদিন আগে ওর কৌতুকের হাস্যরসে আমি প্রায় রাস্তায় গড়িয়ে পড়তাম।
প্রতিদিন কাজ থেকে ফেরার পর শামীমাকে নিয়ে ভাবতাম। গভীর রাতে স্ত্রীকে একপাশে রেখে লুকিয়ে ওর সঙ্গে চ্যাটিং করতাম। চ্যাটিঙে আমাদের আলাপ ছিল খুবই সাধারণ। এই যেমন, রাতে কী দিয়ে খেয়েছি, স্ত্রীর সাথে আজ রাতেও ঝগড়া করেছি কি-না! কতদিন ধরে আমরা একসঙ্গে থাকি না ইত্যাদি। আমার মনে হত, আমরা একই শহরের এমাথা-ওমাথায় থাকি। প্রতিদিন কত রকমের মানুষের সঙ্গে আমার দেখা হয়, অথচ চৌদ্দ বছরে একবারও শামীমার সঙ্গে দেখা হয়নি। আমি ওকে মনে মনে খুঁজতাম আর আমি বিশ্বাস করতাম ও যেখানেই থাকুক, বেঁচেবর্তে আছে। নিশ্চয়ই কোনো একদিন আমাদের দেখা হয়ে যাবে।
দ্বিতীয়বার দেখা হবার আগের রাতে আমার বেশ উত্তেজনা হয়েছিল। সারারাত কতকিছুই-না কল্পনা করেছি! আমাদের অনার্স-জীবনের কথা। আমরা দুই বন্ধু আর শামীমা। তখনকার সময় ওর শারীরিক কাঠামো, ওর সুন্দর চোখজোড়া সারারাত আমার চোখে ভাসত। তবে আমার মনের ভেতর চোরা ফাটলের মতো একটা সন্দেহ দানা বেঁধেছিল, শামীমা সত্যিই কি আমার সঙ্গে আবার দেখা করতে আসবে! হয়তো এমনও হতে পারে, কাল আকাশটা প্রচণ্ডরকম বদমেজাজে থাকবে। দিনের শুরুতে এমন বৃষ্টি নামবে যা সেঁক দেবে বিকেলের দিকে। বলা তো যায় না, শামীমা আমাকে বাজিয়ে দেখে একসময় ওর ফোন নাম্বারটা চিরতরে বন্ধ করে দেবে। তবে এসবের কোনোকিছুই সত্যি ছিল না। যখন ওর সংসার ভেঙে গেল, বহু বন্ধুবান্ধবের কাছে আমার খবর নিয়েছে। আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু সঠিক রাস্তার পথ ধরে সত্যিকারের লক্ষ্যস্থানে পৌঁছাতে পারেনি। আমি ওর আগ্রহ নিয়ে মোটেও দ্বিধাগ্রস্থ হতে পারি না।
আমাদের দ্বিতীবার দেখা হওয়াটা ছিল নতুন ঢেউটিনের ওপর আলোর রশ্মির মতোই উজ্জ্বল।
শামীমার পরনে ছিল জলপাই রঙের জামা। পিঠের দিকে অন্তর্বাসের ফিতেটা এমনভাবে জেগে উঠেছিল, আমি বেশ কয়েকবার সেদিকে নজর দিচ্ছিলাম। ওর কালো ত্বকের ওপর রোদের আলো চিকচিক করছিল আর গলার নিচের ভাঁজগুলোয় জেগে উঠেছিল বিন্দুবিন্দু ঘামের কণা। আমি শামীমাকে বললাম, সংসারজীবনে আমি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছি, যদি তুই রাজি থাকিস আমি সবকিছু ছেড়ে চলে আসতে পারি।
শামীমা চুপ করে রইল।
যদিও ওর চুপ থাকাটা আমার জন্য যন্ত্রণার তবুও আমি ওকে জোর করতে পারি না। আমি শুধু বললাম, আমার স্ত্রীর সঙ্গে বনিবনা একদম তলানিতে। যেন পৃথিবীর দুপ্রান্তে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কথা বলি। একই ছাদের নিচে আমাদের বসবাস অথচ দুজনের মন থেকে আমরা যোজন যোজন দূর। তুই হয়তো জানিস না, দিনে দিনে আমি দম বন্ধ হয়ে মারা যাচ্ছি। অনন্ত কারাগারে আমি একদমই আর থাকতে পারছি না।
শামীমা একজন ভাবুক মানুষের মতো বলল, সংসার এক কঠিন বন্ধনের জায়গা। যে একবার সেই বন্ধনে আটকে যায় সহজে আর বের হতে পারে না। অন্যদিকে যে একবার সেখান থেকে পালিয়ে যেতে চায় তাকে কেউ বেঁধেও রাখতে পারে না। আমার মনে হয়, জীবনটা যেহেতু তোর, সঠিক সিদ্ধান্ত তোরই নেওয়া উচিত।
আমার কাছে এখন এটাই সত্য, আমি তোকে নিয়ে থাকতে চাই। আমি বললাম।
এটা তোর অজানা থাকার কথা নয়, যে একবার জীবন থেকে ছিটকে পড়ে আমার মনে হয় না কখনোই সে প্রকৃতপক্ষে সুখি হতে পারে। আমি তো ছুটে চলা শ্যাওলার মতো ঘরহারা মানুষ। তুই যদি আমাকে নিয়ে সুখে থাকতে পারিস আমার কোনো আপত্তি নেই।
শামীমার আকস্মিক রাজি হওয়াতে হঠাৎ আমার চৌদ্দবছর আগের দিনগুলোর কথা মনে হতে লাগল। যখন ও আর আমি একসঙ্গে শহরের রাস্তার একপাশ ধরে ঘণ্টার-পর-ঘণ্টা ধরে হাঁটতাম। ওর হাঁটার দৃশ্য, চোখ পিটপিট করার অপূর্বভঙ্গি আর আমার যে-কোনো মতামতকে ভ্রুকুঁচকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া। আমি ওর সঙ্গে পাশাপাশি হাঁটতাম, ওর চঞ্চল দুটি স্তনের দিকে ফিরে ফিরে তাকাতাম। পাছে যদি ধরা পড়ে যাই, সেই ভয়ে পরিস্থিতিটা সামাল দেয়ার জন্য উপযুক্ত কথাগুলো মনে মনে ঠিক করে রাখতাম। পুরনোদিনের সেসব কথা মনে পড়তেই আমি ভেতরে ভেতরে উত্তেজিত হতে লাগলাম। আমি টের পেলাম, আমার হৃদ্পিণ্ড কাঁপছে, মাথার ভেতর দিয়ে গরম বাতাস বেরিয়ে যাচ্ছে আর আমার শিশ্নটা ক্রমশ ফুলে উঠছে।
এটা এক অদ্ভুত ব্যাপার, চৌদ্দ বছর পর হঠাৎ শামীমার সঙ্গে দেখা! যেন পৃথিবীর দুমেরু প্রচণ্ড ঘূর্ণনে এক হতে চলেছে। দুপুরের তেজোদীপ্ত সূর্যটা আলো হারাতে হারাতে যেন মিশে যাচ্ছে সন্ধ্যার আঁধারের সাথে। কয়েকদিনের মধ্যেই একই কেন্দ্রবিন্দুতে মিলিত হতে যাচ্ছি আমরা।
কোন মোহের বসে কে জানে, শেষ পর্যন্ত আমি সংসার ত্যাগ করলাম। প্রিয় সন্তান, আত্মীয়-পরিজন এমনকি বহুদিনের অভ্যস্ত বিছানাকে আমি এক মুহূর্তে পায়ে ঠেলে দিলাম। সূর্যমুখী ব্যাংকের সেলস বিভাগের চাকরি থেকেও ইস্তফা নিলাম। আমি নিজের চারপাশে এমন এক প্রহেলিকা তৈরি করতে চাইলাম যেন রহস্যময় আঁধারের মতো চেনা জগৎ থেকে হারিয়ে যেতে পারি। হয়তো আমি এমন একটা সুসময়ের অপেক্ষায়ই ছিলাম। একদিন বিদ্যুৎহীন চারপাশে অমাবস্যার আঁধার নামল, আকাশ থেকে গুড়িম গুড়িম কয়েকটা বাজ পড়ল, তারপর ছিটে ছিটে বৃষ্টিতে রাস্তার পিচগুলো কালো হয়ে আঁধারে মিশে গেল। আমি চেনা জগৎ থেকে মুখ আড়াল করে নিরুদ্দেশের পথে পা বাড়ালাম। সেই থেকে শামীমা আর আমি একসঙ্গে থাকি।
২
রাজধানী ঢাকা থেকে জায়াগাটা খানিক দূর। বুড়িগঙ্গার লেজ লম্বা হয়ে যে নদীটা বিরুলিয়া অতিক্রম করেছে আমরা সেখানকার একটি গ্রামে উঠেছি। খ্রিষ্টান-অধ্যুষিত গ্রামটির নাম কমলাপুর। জায়গাটা সমতল নয়, উঁচু-নিচু লালমাটির টিলাগুলোর ওপর গড়ে উঠেছে আয়তকার গোলাপবাগান। এছাড়াও মাঝেমধ্যে চোখে পড়ে জারভারা, গ্ল্যাডিওলাসের মতো উঁচুস্তরের বিদেশি ফুল। বাগানগুলোর একপ্রান্তে দাঁড়ালে বাতাসে কান্নার শব্দ শোনা যায়। কমলাপুর গ্রামে যে কেউ এলে মনে হতে পারে, চেনা জগৎ থেকে যেতে যেতে সে দূরাগত কোনো দেশের সীমানায় এসে পৌঁছেছে। ঠিক যেন পৃথিবীর অন্য কোনো প্রান্তের সাথে এখানকার মানুষজনের যোগাযোগ নেই। একটা মুসলিম-অধ্যুষিত দেশে এখানকার মানুষের সমাজ-সংস্কৃতি,ধর্ম আর সাধারণ চালচলন আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত মনে হয়। আমরা নিজেদের আড়াল করার মতো উপযুক্ত জায়গা খুঁজে পেয়ে ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ জানালাম।
আমাদের দুজনের হাতে মাত্র জমানো দুইলাখ টাকা। টাকাগুলো শেষ হলে তারপর কী করব জানি না। তবু অনিশ্চয়তার ভবিষ্যৎ আমাদের উদ্বিগ্ন করে না। রাত দ্বিপ্রহরে, খ্রিষ্টানপাড়ার বাড়িগুলোর আলো যখন নিভে যায় তখন দূর থেকে শোনা যায় চার্চের ঘণ্টাধ্বনি। ধ্বনিটা যেদিক থেকে আসে আমরা সেদিকে মুখ তুলে অন্ধকারের দিকে তাকিয়ে পেছনের দিনগুলোর কথা বলি। গত চৌদ্দ বছর কে কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, সেসব।
আমি রহস্যের গন্ধ পাওয়া মানুষের মতো শামীমার কাছে জানতে চাইলাম, এই নির্জন গ্রামে তোর নামে কে আবার চিঠি পাঠিয়েছে?
শামীমার চোখে-মুখে অস্বাভাবিকতার কোনো ছায়া নেই। তুই হয়তো ভাবছিস, আমাদের নিরুদ্দেশে তোর বউ নিশ্চয়ই থানায় ডায়রি করেছে। মোবাইল নেটওয়ার্ক ঘেঁটে পুলিশ হয়তো আমাদের ঠিকানাও খুঁজে বের করে ফেলেছে। কিন্তু আমি তোকে আশ্বস্ত করে বলছি- এই চিঠির সাথে আমাদের আত্মগোপনের কোনো সম্পর্ক নেই। ইন্স্যুরেন্স কোম্পানীতে আমার একটা পলেসি ছিল আর ওটা এ মাসেই ম্যাচিউর হওয়ার কথা। আমি ওদের এখানকার একটা শাখায় নতুন ঠিকানাটা দিয়ে এসেছিলাম।
আমরা চিঠির বিষয়টিকে পাশ কাটিয়ে বাইরের দিকে তাকালাম। রাতের আঁধারে মোটা পরত পড়েছে আর গোলাপবাগান থেকে ধেয়ে আসছে সুখ সঞ্জীবনির গন্ধ। আমি শামীমার অন্তর্বাসের আড়ালে মুখ লুকিয়ে শুয়ে পড়লাম। ওর দু’বাহুর ভেতরের উষ্ণতা আমাকে এমনভাবে তাড়িত করল যেন বহু বছরের ঘুমিয়ে থাকা মানুষটি এইমাত্র জেগে উঠেছে। আমাদের সঙ্গম হয়ে যাওয়ার পর মনে হল, অতীত জীবনের সমস্ত বেদনাগুলো গোলাপবাগানের ভেতর দিয়ে দূরে কোথাও উড়ে যাচ্ছে। আমি মাথটা পুরোপুরি হালকা বোধ করলাম আর সমুদ্র তলদেশের সবচেয়ে শান্ত জায়গাটিতে নিজেকে কল্পনা করলাম। শামীমাকে বললাম, চিঠি নিয়ে আমারও একটি অভিজ্ঞতা আছে। যদি তুই শুনতে চাস তাহলে শোনাতে পারি।
শামীমা নিজেকে ঠিকঠাক করে ‘হ্যাঁ’ সূচক মাথা নাড়ল।
তখন আমি সম্ভবত উচ্চমাধ্যমিকে পড়ছি। একদিন ডাকযোগে আমার নামে চট্টগ্রামের নাসিরাবাদ থেকে একটি চিঠি আসে। ছোট্ট বক্তব্যের বিষয়বস্তু ছিল, প্রেরক আমাকে স্বপ্নে দেখেছেন আর স্বপ্নের ভেতরই আমি তাকে আমার ঠিকানা বলেছি। আমি ঠিক জানি না, এমনটা ঘটা সম্ভব কি-না। যদি ঘটেও থাকে তাহলে বলতে হবে লোকটির হাতে যথেষ্ট অলস সময় ছিল। হয়তো তিনি আমাকে কোনো কামেল দরবেশ ভেবে চিঠিটা লিখেছিলেন। সেই চিঠির উত্তর আমি এখনো দিইনি। তুই কি শুনছিস?
শামীমা ঘুমে জল হয়ে আছে। আমি ওর মুখের দিকে তাকিয়ে ঘুমন্ত শিশুর ছায়া দেখতে পেলাম। এমন নিশ্চিন্ত সুখের ঘুমে ও কতদিন বিভোর হয়ে থাকেনি কে জানে!
শামীমার সাথে আমার পরিচয়টা ছিল আকস্মিক। সেটা ছিল অনার্স দ্বিতীয় বর্ষের ঘটনা। ক্যাম্পাসের পশ্চিমদিকে লেকের পাড়ে আমি প্রাণোচ্ছল এক তরুণীকে দেখেছিলাম। শামীমা ছিল আমার থেকে প্রায় দুই ইঞ্চি লম্বা, পাতলা দেহ আর গায়ের রং কালো। ওর চটুল চাহনিতে পাতলা ভ্রুযুগল বুনোফলের গোড়ায় কচিপাতার মতন বেঁকে যেত। তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল ওর কোমড়। দোতরা বাদ্যটি নিতম্বের দিক থেকে যেভাবে সরু হতে হতে উপরের দিকে উঠে যায়, ওর নিতম্ব থেকে উপরদিকটা ছিল সেরকম। এমন এক অকপট উষ্ণতা ছিল ওর ভেতর, যা আমাকে সেই মুহূর্তে আকৃষ্ট করেছিল। আমরা প্রমদিনেই পরস্পরের বন্ধু হয়েছিলাম। প্রতিদিন ছুটির পর সারা শহর একসঙ্গে তিনজন ঘুরতাম। ক্লান্তহলে যে-কোনো বন্ধ দোকানের টুলের উপর বসে জিরিয়ে নিতাম। আমাদের সিনিয়র বন্ধুটি এমনসব অপরিচিত কথা বলত, সেসব আমরা ক্লান্তিহীনভাবে মন দিয়ে শুনতাম। ওর আলাপের অধিকাংশই ছিল পৌরাণিক ইতিহাস। অথচ আমরা সেসব শুনতে কখনোই বিরক্ত হতাম না। সিনিয়র বন্ধুটি যেদিন অনুপস্থিত থাকত আমি ভেতরে ভেতরে শুদ্ধ হয়ে উঠতাম আর নিজেকে একটা গণ্ডির ভেতর আটকে ফেলতাম। আমার মনে হত, শামীমার সঙ্গে প্রকৃতির সামান্য কয়েকটা বিষয় বাদে আর কোনো আলাপ থাকতে পারে না। তখন আমি মনের দিক থেকে সত্যিই পরিণত ছিলাম কিন্তু আমার শারীরিক গঠন কোনোভাবেই পুরুষোচিত ছিল না। হতে পারে সে-কারণেই, সিনিয়র বন্ধুটির মতো কখনোই আমি খোলস থেকে বের হতে পারতাম না।
কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমাদের বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি হল। সিনিয়র বন্ধুটি ব্যস্ত থাকায় শামীমা আর আমি ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেলাম। আমাদের মধ্যে নারী আর পুরুষের লিঙ্গভেদ ছিল না। এমনও হত, সারাদিন কথা বলার পরও আমাদের কথা ফুরিয়ে যেত না। মনে হত, আগামিকাল বহুদূর। আমরা একে অপরকে উপহার দিতাম, চোখের দিকে একধ্যানে তাকিয়ে থাকার খেলা খেলতাম আর কলেজের লেকে ছোট ছোট ঢিল ছুঁড়তাম।
তখন শীতকাল প্রায় শেষ হয়ে এসেছিল। শামীমার হাত-পায়ে ওঠা মাছের আঁশের মতো ফাটা দাগগুলো মিলিয়ে যাচ্ছিল। ওর কালো ত্বকের ওপর সূর্যের আলো পড়লে এমনভাবে চিকচিক করত, আমি বিস্ময়ে ওর দিকে তাকিয়ে থাকতাম। আমরা তখনো বন্ধুত্বের স্বাভাবিক সীমা অতিক্রম করিনি। কেউ কাউকে প্ররোচিত করিনি, কোনো প্রাচীরের আড়ালে দাঁড়িয়ে একে অপরকে চুমু খাইনি এমনকি কোনো বন্ধুর খালি বাসায় ঘনিষ্ট ডেটেও যাইনি। আমি শুধু ওর সঙ্গে গল্প করে কাটানো সময়টুকুই উপভোগ করতাম। সত্যি বলতে কী, আমরা সমবয়সি হলেও যে কোনো কারণেই হোক সাহসের দিক থেকে আমি ছিলাম ভিতুর ডিম। তবে গল্প করতে করতে আমি যখন ওর মায়ায় পড়তাম, কেমন এক অদ্ভুত ভালো লাগায় আমার ভেতরটা ভরে যেত। আমি ওকে বুকের সাথে জড়িয়ে ধরতে চাইতাম। মাঝেমধ্যে আমার ইচ্ছেটা এমনভাবে মাথাচাড়া দিত, আমি ইতস্তত করে ওকে বলে ফেলতাম।
একদিন শামীমাকে বললাম, তুই আমাকে এমন কোথাও নিয়ে যেতে পারিস, যেখানে আমি তোকে একটু জড়িয়ে ধরতে পারি!
মনে হয়, আমার কাছে এরকম একটা নিভৃত জায়গা আছে, শামীমা বলল। মহিলা আমার দূর সম্পর্কের আত্মীয়া হন। তার স্বামী খুব ভোরে ব্যবসার কাজে শহরে যায়। বাড়িতে একমাত্র ছোট্ট ছেলেটি ছাড়া আর কেউ নেই।
তুই কি আমাকে সেখানে নিয়ে যেতে পারিস? আমি বললাম।
সে তো শহর থেকে বহুদূর, শামীমা বলল। কাছাকাছি হলে তবুও কথা ছিল। শহর ছাড়িয়ে অন্তত আমাদের তিনঘণ্টা পথ কাঁচা রাস্তা ধরে হাঁটতে হবে। এমনকি আমাদের ফিরতে রাতও হয়ে যেতে পারে।
আমি জানি এটা তোর জন্য সত্যিই কষ্টকর হবে। তবুও আমি তোর কাছে এটুকু আনুকূল্য চাই। তুই কি আমাকে একটু জড়িয়ে ধরতে দিবি?
আমি জানি, তুই আমার সবকিছু শেষ করে ছাড়বি। তবুও আমি তোর ইচ্ছেটাকে সম্মান করে বলছি, তোকে আমি নিরাশ করতে চাই না।
এক শনিবার দুপুরে আমরা শহর ছাড়িয়ে একটা বদ্ধ খালের পাশ দিয়ে যাচ্ছিলাম। জনশূন্য সেই কাঁচা রাস্তাটির গন্তব্য কোথায় ছিল কে জানে! রাস্তার দু’ধারে বহু তফাতে একেকটা বাড়ি ছিল। আরো কিছুদূর পর দুপাশের জমিতে শুধু থৈ থৈ জল ছাড়া আর কিছুই ছিল না। আমরা বিকেলের দিকে সেই ভাবীর বাড়িতে পৌঁছালাম। বাড়িটা এতটাই নিরিবিলি আর শান্ত ছিল, আমি চারপাশে সেই নির্জনতা দেখে পুলকিত হয়েছিলাম।
শামীমা আমাকে বলল, তুই কি এমন একটা জায়গাই চেয়েছিলি?
তোর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই, আমি বললাম।
আমরা পেছনের একটা রুমে কিছুক্ষণ নীরবেই বসে রইলাম। আমার মনে হচ্ছিল, মহা সমুদ্রের উত্তাল তরঙ্গগুলো আমার বুকের ভেতর একসঙ্গে আছড়ে পড়ছে। সেই বিশাল বিশাল তরঙ্গের মাঝে শামীমা আমাকে ডুবিয়ে ফেলতে চাইছে। আমি ওর বুক থেকে ওড়নাটা তুলে দূরে ছুড়ে মারলাম। তখন ও ভয় পেয়েছিল কি-না জানি না, তবে পাশের জানালার শিক ধরে অনেক্ষণ গুটিয়ে রইল। তারপর ধীরে ধীরে আমরা এতটাই ঘনিষ্ঠ হয়ে বসলাম, দুজন দুজনার বুকের আবেগজর্জর ধুকপুকানি শুনতে পেলাম। আমি ওর কপালে মাথা ঠেকালাম, ওর ঠোঁটে আমার আঙুল ছুঁয়ে দিলাম। আমাদের শিরার ভেতর দিয়ে প্রবাহমান রক্তের ধারা এমনভাবে বয়ে যাচ্ছিল, তখন পরমাত্মার মতো দুজন দুজনার সাথে মিশে যেতে চাইলাম।
আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার সামনে যে-মেয়েটি বসে আছে ও আমারই পরিচিত কেউ। হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি আমাকে মাঝপথে থামিয়ে দিল। আমি সামনের পদক্ষেপে একদম আগাতে পারলাম না।
ফিরে আসার পথে শামীমা আক্ষেপের সুরে শুধু এটুকুই বলল, আমি আজ তোর কাছে সর্বনাশ হতেই এসেছিলাম।
৩
সম্ভবত সেটাই ছিল শামীমা আর আমার একান্তভাবে শেষ দেখা-সাক্ষাৎ! তারপর আমি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আমার পৌরুষের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেললাম আর আমি প্রাণপণে পুরুষ হতে চেষ্টা করলাম। কিছুদিন পর আমাদের ফাইনাল পরীক্ষা হল, তারপর এক দু’বার শামীমার সঙ্গে দেখা হয়েছিল সত্যি, আমি ততদিনে পরবর্তী জীবনের করণীয় বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর গত চৌদ্দ বছরে আমাদের আর দেখা হয়নি।
এই নির্জন লোকালয়ে এসে আমাদের সময়টা খুব দ্রুত কেটে যাচ্ছে। প্রতি শুক্রবার শামীমাকে নিয়ে গোলাপগ্রামে বেড়াতে যাই আর ছবি তুলে গুগোল ড্রাইভে সেভ করে রাখি। এখান থেকে উত্তরদিকে চলে গেছে এক বিমুগ্ধ সড়ক। রাস্তার দুপাশে কৃষিবিদ কোম্পানির গোরু আর মুরগির খামার। দিনের আলোতে পরিবেশটা নৈসর্গিক আর যখন রাত নামে, শেয়ালের আনাগোনায় চারপাশ সরব হয়ে ওঠে। তখন বাতাসে ছড়িয়ে পড়ে অদৃশ্য ভয়ের পরত। সেই ভয় আমাদের ঘনিষ্ট হতে সাহায্য করে। আমরা পরস্পরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। আমি বিশ্বাস করি, আমাদের ঘুমন্ত সেই দৃশ্যটা দেখলে যে-কেউ মনে করবে পৃথিবীতে একমাত্র আমরাই সুখি মানুষ।
একরাতে শামীমা জানতে চাইল-বাচ্চাটার জন্য তোর কি কখনো খারাপ লাগে না?
আমি এত বড় সত্য বিষয়টিকে বাহানা করে উত্তর দিতে চাইলাম না। বলতে পারিস, ছেলেটা আমার কলিজা। ওর যখন পাঁচ বছর বয়স, চোখের সামনে যা কিছু দেখত আমাকে প্রশ্ন করে উতলা করে তুলত। আমি ওর প্রতিটি প্রশ্ন খুব মনোযোগ দিয়ে শুনতাম আর ছোট ছোট বাক্যে উত্তর দিতাম। ও তখন ছোট্ট মাথাটা উঁচু করে আমার দিকে তাকিয়ে হাসত আর আমি ওকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে ধরতাম। কিন্তু ওর মায়ের এমন পাথুরে হৃদয়, শেষ পর্যন্ত ছেলেটাকে আমার স্নেহের পরশ থেকে বঞ্চিত করতে বাধ্য করল।
মৌসুমীর সাথে তোর কীভাবে পরিচয়? শামীমা জানতে চাইল।
সে এক অপ্রত্যাশিত ঘটনা। আজকাল প্রযুক্তি আমাদের সম্পূর্ণ অপরিচিত মানুষকেও দু’দিনের ব্যবধানে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। মৌসুমীর সাথে আমার মোবাইলের রং-নাম্বারে পরিচয়। আমি ওকে যতটা সম্ভব বিরক্ত করতে চাইতাম আর সেইসূত্রে আমাদের ভেতর তর্ক-বিতর্ক হত। আমি ঠিক জানি না, ঝগড়া করতে করতে আমরা কখন যেন একজন আরেকজনের মধ্যে প্লাবিত