You are currently viewing আলী সিদ্দিকী’র কবিতা

আলী সিদ্দিকী’র কবিতা

আলী সিদ্দিকী’র কবিতা

উত্তর : কবিতা মানুষের আদিম সত্তার অনুভব নিয়ে মানুষের মাঝেই থাক। মানুষই শিল্পের অন্তরাত্মা। আমার কবিতা মানবিকতা ও সমতার প্রেমময় গান হয়ে উঠুক।

আরজি

তোমার সুবাস নিয়ে দিনের অভিষেক করি
সূর্যের মুখ দেখে তোমার হাসির ঝর্ণা আঁকি
আলোর মিছিল ছোটে ফুলেদের কলহ্যস্যে
বহমান দিনের ক্যানভাসে তোমাকে দেখি না;

দিবসের দেবতা, আলোর ঈশ্বর, বায়ুর প্রভু
বিস্তৃত করে দাও আমার হৃদয়রঞ্জনের কায়া
অমুদ্রিত স্পৃহায় মুছে দাও নিগূঢ় কারাবাস
অচল সময়ের পায়ে পরাও অবিনশ্বর ঘুঙুর।

মৃত্যুদিনের সুগন্ধি নিয়ে বিষাদের চাষ করি
আগরবাতির ধোঁয়ায় অপার নাচে শোকাগ্নি
শূন্যতার খোরাক হয়ে আঁধারের সাথে লড়ি
অস্ফুট প্রচ্ছদ তুমি প্রতিভাত মোমের শিখায়;

নৈঃশব্দের প্রতিপালক, শূন্যতার মহান রাজা
মৃত নক্ষত্রদের সংসারে শব্দের ফোয়ারা দাও
বিগত আলোর পৃথিবীতে আনো নবজাগরণ
আমার প্রিয়ার তৃষিত ঠোঁটে এঁকে দাও জীবন।

ব্যথারও আছে জয়গান

তুমি তো রইলে না প্রিয়
আক্ষেপটুকু না হয় থাক
থাক তোমাকে হঠাৎ হারিয়ে ফেলার মর্মবেদনা
শোকাগ্নিতে পুড়ে পুড়ে খাক হয়ে যাক হৃদয়পুর।

তুমি না হয় ছেড়ে দিয়েছো এ হাত নিজেরই অজান্তে
স্পর্শহীন আঙুলগুলো জমে জমে হোক মৃত পাথর
হৃদয় কুসুম সংক্রান্তি হয়ে যাক বোধহীনতায় নিথর
মোহমায়ার পঞ্চ ব্যঞ্জন বিস্বাদের সমুদ্রে তলিয়ে যাক

তুমি না হয় চলে গেছো বন্ধু
আমাকে করে গেছো নিরাশ্রয়
নিজ বাসভূমে হয়ে গেছি নীরবতার জমাট পাহাড়
তোমার যাপিত প্রহরগুলো উন্মাতাল নৃত্যে মশগুল।

তুমি হয়তোবা ভুলে গেছো তোমার সকল বিনির্মাণ
উদ্বেল বসন্তে যৌথ রচনার অনবদ্য সব পঙতিমালা
খোদার আরশে সমর্পিত কল্যাণের সব অনুচ্চ গান
হয়তো ভুলে গেছো তোমার ব্যথারও আছে জয়গান।

মার্চ ২৯, ২০২৬

আমার জিয়ারত

দুমড়েমুচড়ে যাওয়া একটি দুর্ভার পৃথিবী নিয়ে
দেউলিয়া এক মানুষ যখন
তোমার শিয়রে এসে দাঁড়ায়
চোখকান বুজে থাকা প্রকৃতির হৃদপিণ্ড কাঁপিয়ে
কেঁদে ওঠে যখন অন্তর্গত বেদনার সাগর
অতলান্তিক নৈঃশব্দের চাদর মুড়ে ঘুমাও তুমি

সাড়াশব্দহীন আর নিথর
হিমশীতল এক জগতে নিয়েছো অভিবাসন;
তোমার জান্নাতুল ফেরদৌস কামনার তসবিদানা
শীতল বসতির উষ্ণতার আর্জি
সুরভিত ফুলের বাগানের ইচ্ছাকুসুম
গলে গলে নিরাসক্ত মাটির বুক ভিজিয়ে ফেলে
তোমাকে প্রিয় নাম ধরে ডাকি
সমর্পিত হৃদয়ের ব্যঞ্জনা মিশিয়ে ডাকি প্রিয়তমা
চাঁপাফুলের ঘ্রাণে উদ্বেল রু বলে ডাকি
কোনোকিছুতেই এখন তোমার যায় আসে না;

তুমি শিখিয়েছো মিছিলের অক্ষয় গান
প্রভাতফেরির নগ্ন পদধ্বনির সুর
সমতার সম্মিলনে গড়ে তোলা মানুষের আবাস
অন্ধকারের বিরুদ্ধে প্রমিতিউস হবার পণ
সবকিছু আজ হারিয়ে গেছে শূন্যে
নিভে গেছে আগুনের অবিনশ্বর শিখা
তোমার রুদ্ধ মাটির দুয়ারে ভেঙে খান খান হই
জিয়ারতের এতো উচ্চারণেও তুমি জেগে ওঠো না।
***************************

Leave a Reply