শিশির আজমের দু’টি কবিতা
আগুন নিয়ে খেলা
আজও পুকুরে ছিপ ফেলে বসবো আমি
ধীরে
চুপ
সূর্য আমার ঘাড়ে শ্বাস ফেলবে
সারারাত ঘরের ভেতর ল্যাংটো হয়া
কী কোর্তেছিলাম
আমার অসম্পূর্ণ ছবিগুলা মহাদেশের কোন তলে
উইড়া যাইতেছে
না ডুইবা যাইতেছে
বিড়বিড় কইরা তার ধারাভাষ্য আমারে ও শোনায়
আর কী ফন্দি এখন আমি আঁটতেছি
মুঠোয় আগুন নিয়া বইসা আছি কেন
না কোন দিকে যাইতেছি
এইটা নিয়া
ও উৎকন্ঠিত আর আমি পাইতেছি
মজা
জোনাকিদের গোরস্থান
নারী কোন কথাই বলছে না
সূর্যের অন্ধকারে আহত তার গঙ্গাফড়িং
তার ঠোঁটে রক্ত
স্তনে ব্যথা
স্বাভাবিক বোধে ঘুম আসবে না
শহরতলির ডুইবা যাওয়া জানলাগুলায়
চাপা হাসি
ফিসফিসানি
শোনা যাইতেছে বীজগণিতের তীক্ষ্ণ ইতিহাস
পাথরের কালোয়
মেশিনের বিষাক্ত হারমনি
আমাদের রক্তের কুয়াশায়
কি মদ কি এ্যানিমেশান
ব্যথা নাই
********************
