আশীক রহমানের কবিতা
প্রশ্নের উত্তরঃ আমার কবিতা বসে থাক মানুষের মাঝে চায়ের আড্ডায়, ঘুরুক কাঁচা বাজারে, অলিতে গলিতে, মিশে থাক মানুষের ভিড়ে, পাশে থাক একাকি মানুষের…!
——
বেদনার দানা
———
‘প্রেমের নাম বেদনা গানটা শুনতাম যখন
উত্তীর্ণ-কৈশোরকালে, আধা বুঝে আধাটা না বুঝে
বেদনায় আক্রান্ত হতাম কিরকম !
মাঝে মাঝে গুন গুন- বেদনা…বেদনা…!
#
সময় গড়ায়,
শব্দস্মৃতি থেকে যায়!
‘বেদনা’ শুনলে আজ বেদানার কথা মনে পড়ে ;
হয়ত বেদানা গাছ আছে আমার উঠানে
অথবা বেদানা আমার প্রিয় খুব তাই!
#
বেদানার খোসা ছাড়াতে ছাড়াতে দেখি
গোলাপি গোলাপি সব দানা,
যেন তরল বেদনা স্ফটিক-জমাট
হয়ে আছে, যেন সব গোলাপি গোলাপি
বেদনার দানা!
—–
তিতা লাগে-ভুলে যাই
———–
শীতকালে কিরকম খসখসা হয়ে থাকি, তাই
গতকাল কি পরশু থেকে
মনে হচ্ছে, নরম টক-মিষ্টি কমলালেবু
খেলে ভাল হত বুঝি, তবে
দামের কারণে কিনা, নরম কোয়ার ভেতরের
বিচিটার কথা মনে পড়ে ;
হঠাৎ একটা বিচি দাঁতের নিচে পড়লে খুব
খারাপ লাগে আমার-তিতা…!
★
হয়ত এর মূল্যের কারণে
কিছু গল্প বাজারে ছড়ায়ে গেছে আর
ওই গল্প আমাদের জন্য প্ররোচনা হয়ে
আসে,ফলে আমরা, আমি খসখসা হয়ে থাকলে
বাজারে যেয়ে খেজুর-রসের বদলে
নরম কমলালেবু খুঁজি;
(মাঝে মাঝে ভাবি-কেন এ লেবু কমলা
নামে পরিচিত হল, কেন?)
একটা বিচি যদি দাঁতের নিচে পড়ে
তাহলে যে খুব তিতা লাগে – ভুলে যাই !
—-
ঝঞ্ঝাবিক্ষুব্ধ এই দিনে
—-
ঝঞ্ঝাবিক্ষুব্ধ এই দিনে
কাছে থাকো, পাশে থাকো,
হাত ধরে থাকো, আরও
সংলগ্ন , ঘনিষ্ঠ হয়ে থাকো!
*
এই কন্টক ছড়ানো দিনে
হারায়ে যেয়ো না,
নাম লিখে রাখো হাতে!
এইসব দিনে মানুষ বড় বেশি
পাল্টায়ে যায়;
প্রেমে থাকো তাই, দৃঢ় হয়ে থাকো!
আজ বড় শৈত্য বহে, শ্বেতসন্ত্রাস!
আজ বড় কৃতঘ্ন তস্কর কবলিত দিন,
আজকে দাঁড়াই আসো!
*************************
