ইফতেখার হালিমের দু’টি কবিতা
স্বপ্ন পোড়ার আর্তনাদ
দুসর প্রহর
স্বপ্ন পোড়ার আর্তনাদ
ভাঙার উৎসবে রক্ত গড়াগড়ি
দখলের ও ভোগের প্রতিযোগিতায়
বিভোর প্রেমিক
ক্ষত বাড়িয়ে উদযাপন করছে সময়।
বোধের রঙ দূষিত
উইপোকা আলোর পথ খেয়ে যাচ্ছে
নিশ্চিন্তে নিরবে
প্রতারণার ফাঁদে ডুবে আছে যুব সমাজ
নির্মাণ না–ধ্বংসের দিকে ধাবিত।
এতোকাল দেখেছি লোহা পুড়িয়ে
ঘাম ঝরিয়ে ঝরিয়ে আবিষ্কার
অথচ এখন বিপরীত চিত্র।
সুখের ঘ্রাণ নেওয়ার বদলে
আইসক্রিমের মতো
গলে গলে স্বপ্ন শেষ
শূন্যতার থাবায় বেড়ে যায়
কষ্টের কালো রঙের লেপ
পাড় ভাঙা দীর্ঘশ্বাস
হে-নতুন প্রজন্ম
শুদ্ধতায় স্নান করে সামনে পা রাখ।
===
পারমানবিক উত্তেজনা
অদ্ভুত শূন্যতা চারপাশ ঘিরে
যদিও গোটা বিশ্ব
দিন দিন বদলে যাচ্ছে
বাড়ছে আধুনিক মারণাস্ত্র
হিংসার দাবানলে দাউ দাউ পুড়ছে
মন মানচিত্র ও স্বপ্ন
সাপ নয় মানুষের ছোবলে
শোকের সমুদ্রে ডুবে যাচ্ছি ক্রমে ক্রমে।
পকেট ভর্তি কষ্ট এখন
বুক ভর্তি বিষাদের কালো পাথর
ভালোবাসা-সুখ অমীমাংসিত
পারমানবিক উত্তেজনায়
এবং বাঁকে বাঁকে অসুখ
আর অশান্তির থাবা হা করে আছে।
======================
