You are currently viewing ওমর কায়সারের দু’টি কবিতা

ওমর কায়সারের দু’টি কবিতা

ওমর কায়সারের দু’টি কবিতা

ঘুমন্ত প্রকৃতির ভেতর

বেলমন্টের পাহাড় চূড়ায় কাঁদে মহররমের চাঁদ।
এতটা গভীর আর মদির কান্না
যেন কোনো সুচতুর আততায়ী
সুর আর বিষ মিশিয়ে দিয়েছে তার করুণ আলোয়।
চরাচর ভেসে যাচ্ছে রাত্রির বিলাপে।

অথচ কী আশ্চর্য!
তার নিচে শৃঙ্খলিত বনভূমির গাঢ় বিছানায়
পাইন, ম্যাপল আর ম্যাগনোলিয়ার
পাতার আদরে কী নিশ্চিন্তে স্বপ্ন দেখছে বাদামী খরগোশ।
ঘোরতর কান্নার ভেতরেও প্রকৃতি ঘুমায়!

ডানকিনে কফির পেয়ালায়

এই প্রশস্ত বিকেলের আকাশে মুমূর্ষ রোগীর মতো নিস্তব্ধ শুয়ে আছে মেঘ। আর তার চোখ থেকে ঝরে পড়া জলে ভিজে গেছে ম্যাপলের পাতা।
একজন সোনালী সুন্দরী কিছু হাওয়া সঙ্গে নিয়ে চুপচাপ ঢুকে পড়ে কফি হাউজের নিঃসঙ্গতায়। তারপর ডুব দেয় ল্যাপটফে। কফি ঠান্ডা হয়ে যাবে। একটি চুমুক দিতে সে ভুলে যাবে সর্বশেষ চুমুটির মতো।
বিলম্বিত সন্ধ্যা এসে ঢেকে দেবে বেলমন্টের পাহাড়। কাচে ঘেরা ডানকিন ডোনাট আরও আর্দ্র ও নির্জন হবে। বৃষ্টি ক্রমশ প্রবল হয়ে আছড়ে পড়বে কাচের দেয়ালে।
আমি সেই ফিরে যাওয়া বৃষ্টির ফোটার পাশে শ্রাবণের কান্না শুনে শুনে কফির পেয়ালায় জীবনের উষ্ণতা মেপে নেব একবার।
*****************************

Leave a Reply