You are currently viewing ঋতো আহমেদ-এর তিনটি কবিতা

ঋতো আহমেদ-এর তিনটি কবিতা

ঋতো আহমেদ-এর তিনটি কবিতা

মনের আকার

কবে শেষ দেখেছিলে মনে নেই
শুধু মনে আছে বিদায় ছিল না কোনও—সমাপ্তিও না
খুব সাধারণ
প্রাত্যহিকের মতোই ছেড়ে গেছে চরাচর তোমাদের
তারপর ছেয়ে গেছে মহাকাশ
অসংখ্য মেঘের কান্না
ভেসে গেছে হাজার দুয়ারী ঘর
হৃদয়ে নৈঃশব্দ্য বন্যা

হয়তো এমনই হয় কারও কারও
জীবনের দামে জীবন বিকিয়ে গিয়ে
স্রোতে ও খরস্রোতায় যখন সে দাঁড়ায়
নেই তার অভিবাদন নেই কোনও প্রত্যাশার গান

কদাচিৎ সংযোগে পুরনো বিচ্ছিন্ন বন্ধুতাই সম্বল
কথা তার তুলে রাখা স্মৃতি—স্মৃতিময় পাতা

কবে শেষ দেখেছিলে পায়ের পেছনে পা—
পায়ে পায়ে চলে যাওয়া

মনে পড়ে কার
মনের ভেতরে আছে

মনের আকার।

অনুরোধ

অনুরোধটুকু পড়ে আছে
অলক্ষে
উপরের ওই ঘরে
ওই কর্ণারের ছোট্ট খাঁচায় বহুদিন আজ।

কবে যে রক্ত হবে আমার করবী
কবে যে বন্ধু হবে—

ছবি হয়ে ভেসে গেলে সময়রেখায় ছবি লিখি ছবি লিখি
ছবিদের লিখে রাখি

লিখে রাখি দেয়ালের ভাঁজ

অনুরোধটুকু পড়ে আছে—পড়ে আছে রাজ।

আমি—!

দূর থেকে যাকে দেখি,
কাছে এলে দেখি না।
এ আমার কেমন আমি—
বুঝি না।
**************************

Leave a Reply