সুশান্ত হালদারের দু’টি কবিতা
তোমাকেই বলছি
কুণ্ঠিত গগনে কেন যে রেখেছিলে জোছনা ভাবিত রাত?
দেখো, নীলবর্ণা আকাশ
সঙ্গম অনলে পুড়ে যাচ্ছে এখন দাবানল বাতাস
কথা ত ছিল
দুর্যোধন চত্বরে লিখে যাব ‘কৃত্তিবাস’ ইতিহাস
কে শোনে কার কথা?
বোদলেয়ার ভোলা দিনে লিখা হলো অ্যালবিনাস আর ব্রুটাস
তোমাকেই বলছি
লাল-বৃত্ত ধারে কেন যে সবুজ রেখেছিলে বাহান্ন মনে করে?
এখন দেখো
নজরুল সহাবস্থানে সুকান্ত আর আসে না দাবানল মিছিলে!
অভিলাষ
দীর্ঘশ্বাস গভীর হলে
বেদনারা ঝনঝন করে উঠে বুকে,
কাকে যে কি বলি আর কে-ইবা শুনে?
’পাথরে ফুটিলে ফুল অঘ্রাণিতই থাকে কলি’
এরকম বিল্লপত্রে দেখেছি
শিরদাঁড়া বেয়ে নেমে গ্যাছে জল না ভেজা পদ্ম-দল
যে অভিলাষ বুকে নিয়ে ঘুরেছি পৃথিবী
তারই গর্ভস্থ বুকে এখন দেখি পুজিত পুষ্পের আফোটা যোনি,
কি করে বলি
শত পদ্মে ঘিরে আছে আমার-ই বঙ্কিম পৃথিবী?
*************************
