You are currently viewing টিপু সুলতানের দু’টি কবিতা

টিপু সুলতানের দু’টি কবিতা

টিপু সুলতানের দু’টি কবিতা

ছায়াপাঠ

পুরনো কফিন থেকে ডেকে ওঠে, মসৃণ দিন—

…এত নিকটে, সম্ভাব্য সমতলের দিকে,
দগ্ধ গ্রীষ্মের বাষ্পঘরে
আফ্রিকার কালো মানুষের—মুখশ্রী,
আততায়ী গল্পের শিকারি হাসি,
যা কেবল নগরের উৎসবে বাড়িয়েছে ইশারা;

গোপন থাকুক, তোমার ছায়াপাঠ মস্করা—
ঝিমধরা বিষণ্ণ শহরের লেটারবক্স,
আমি বরং স্থির আঙ্গুলের দিক নির্দেশনায়
তাতে, লিখি—ভবিতব্য আত্মসুখের ইঙ্গিত
পাখির চোয়াল ফেঁপে বেরোচ্ছে
মধ্যাহ্ন দুপুরের ভাড়াটিয়া হাওয়া,
এক টাকার নোটে দুটি হরিণের গোলপাতা
খাওয়া দেখি।

*
হাসি

অন্তরঙ্গ ভূমির উর্বরতায় নিমফুল গন্ধ ছড়ায়
শিস দেওয়া মৃদু ছায়াগুলো—শান্ত ঠোঁটের নম্র
স্বর্গ থেকে বাড়িয়ে দেয়, গহিন অপেক্ষার তাৎপর্য;

এত মসৃণ—এমন রূপালি উপদ্রব
সেসব ধূলোপড়া জানালার সন্নিকটে—
গ্রীষ্মদিনের গুণটানা ঘর
তাতে দুপুরি গান নির্মিত হয়, হয় এক পুরুষ

ধরো…
রেড ওয়াইন পান করতে গ্লাস টেবিলের
নিকটে হাত বাড়ালাম…
অদূরে একটি আপেল, একটি ছুরি—
অনর্গল হাসছে। তীক্ষ্ণ ধার, ধারণার অবশিষ্ট
ধনুক হতে আঁকা ছবি শাদা ধোঁয়ার মতো ওড়ে

স্থির বিভ্রম ধ্বনির ভাঁজ খুলে এগিয়ে নিই, হাসি!
***********************

Leave a Reply