You are currently viewing সাবিনা পারভীন লীনার দু’টি কবিতা

সাবিনা পারভীন লীনার দু’টি কবিতা

সাবিনা পারভীন লীনার দু’টি কবিতা

মুক্তি, এক সুদূরের পাখি

আমি কি কখনো মুক্তি পেয়েছিলাম
মুক্তি কি এসেছিল আদৌ আমার ডাকে?

আমাকে কি ভোগ করতে হচ্ছেনা
মুক্তির ছলনায় এক দীর্ঘ কারাজীবন?
আরো আশ্চর্যের ব্যাপার হলো-
এই কারাগারেও স্বপ্ন দেখেছি
কারারক্ষীরা বারবার আমাকে স্বপ্ন দেখিয়েছে
মুক্তির দিব্যি দিয়ে আমার রক্তপান করেছে
আমার দিকে সযতনে লেলিয়ে দিয়েছে উন্মত্ত পিশাচদল
বাঁচিয়ে রাখতে দিয়েছে কখনো মৃতপুরীর দু’ফোটা জল

চৈতন্য হারিয়েছি ভেবে পাঠিয়েছে পাগলাগারদের অন্ধকারে
আগুনে পুড়িয়েছে আমার সমস্ত ঐশ্বর্য,বিবিধ লাবণ্য
রক্তের ভেতর গোপনে ঢেলে দিয়েছে বিছুটিরস
পিটিয়ে পিটিয়ে ছাল মাংস ছাড়িয়েছে
তবু আমার কারাযন্ত্রণার শেষ হলো না

আমি মেঝেতে পড়ে থাকা ছালমাংস ছাড়ানো সেই লাশ
লাশের স্তুপে দাঁড়িয়ে মিথ্যে শপথের প্রতিশ্রুতিনামা আমি
আমি কি তবে মুক্তির দেখা পেয়েছি
মুক্তি কি এসেছে আমার ডাকে?

মুক্তি কি এসেছে,
আমার মুক্তি আর কত দূরে?
মুক্তি কি এক সুদূরের পাখি!

আমাকে ফিরতে হবে

একটু পরেই সন্ধ্যা ঘন হয়ে নামবে,
আকাশ বার্তা পাঠালো,অপেক্ষা শেষের
রোদরঙের পাতারা ক্লান্তি ঢালছে হেলেদুলে
সহস্র মুখের ভাষা এক মোহনায় মিলছে –
একটু পরেই আঁধার রোমাঞ্চিত হবে
চীন সাগরের দক্ষিণা জলকে ঘিরে,
হাওয়ায় নূপুর বাজিয়ে দৃষ্টি জুড়াবে
শব্দ আর আলোর অগণিত প্রহেলিকা,
অথচ পৃথিবীর পাপ আমাকে পোড়াচ্ছে কেবল
উত্তরে-দক্ষিণে, পূবে-পশ্চিমে যুদ্ধের কালো ছায়া
ভস্মাধার ঘিরে রক্ত আর অশ্রুর ধারা
মনে পড়ে মাতামহীর কথা, বিশেষ এক দিনের কথা
সেই ‘মহাপ্রলয়’ কি তবে ইঙ্গিত দিচ্ছে!
ধ্বংস কি লেখা হয়ে গেছে পৃথিবীর কপালে!
যুদ্ধ আর ছায়াযুদ্ধের ভারে ছোট হয়ে যাচ্ছি ক্রমশ
নিঃশ্বাসে ভর করেছে দীর্ঘ ক্রন্দনের পরমায়ু
আমাকে ফিরতে হবে তোমারই কাছে
মৌন গহীন নিভৃত কায়ার ছায়ায়
শোনো,এবার আমাকে ফিরতেই হবে
তোমার আঙ্গুলের অগ্রভাগে জন্ম নিতে,বারবার।
***********************

Leave a Reply