আজিজ কাজলের কবিতা
ঘেচুগানের ছৈ \\
এতো সুদীর্ঘ কথার মূত্র ছড়ানো ভাল নয়।
অল্পকথার গল্প হলে ক্ষতি কি? দেখি শুধু হেরফের
নয়ছয় নয়ছয়
মায়ার নিছক আঘাতে করো না ঘেচুগানের ছৈ
নতুন গন্ধরাজে, নরোম পানিও সময় ভাল বুঝে
তোমার কঙ্কাল করোটি-মাথায় নতুন পিউকাঁহা দোল
আহা!
যেতে চাই সোনালু মথিত পুরনো ভোর-প্রহরে।
নতুন ধানচাঁপার কনক সাথে এনেছি; দুধেল সরের
কণ্ঠগানে আসো, বসি বসি আরো কিছু ভেলা পার করি।
আঙুল ফুলে কলার গাছে \\
ভূমিজ-পাতার সবুজ শাড়িতে মুছে যায় সমূহ পলক;
পুলিশ পুলিশ গন্ধে প্রতিদিন জ্বলে ওঠে চাপাখোলার গল্প
হঠাৎ আঙুল ফুলে কলা গাছ অতি লম্বা ও বিচিত্র হলে,
সহজ প্রাণির খাতা থেকে তুমিও নাম মুছে নিলে!
কলাপাতার ফাটা-খোসায় জীবন জীবন
নকশা আঁকে দ্বীন ও দারিদ্র্যে-পতিত মানুষ
সহজ গল্প লিখতে গিয়ে পৃথিবীও প্রতিদিন
ভুল করে লিখে ফেলে রক্তাক্ত মুখ ও মুখোশ।
***********************
