অতীশচন্দ্র ভাওয়ালের কবিতা
প্রশ্নের উত্তর : আমি চাই আমার কবিতা হয়ে উঠুক বহতা নদী। ঘুরে আসুক অলি,গলি পথ।
জন্মদিনের কবিতাঃ এক
জন্মদিনের সঙ্গে মৃত্যুদিনের গভীর সম্পর্ক
এক একটা জন্মদিন মানে মৃত্যুর দ্বারে
একধাপ অগ্রসর হওয়া
আযুর জাবদা খাতা থেকে
তিনশো পয়ষট্টি দিন কমে যাওয়া ।
সব জন্মদিনের লক্ষ্য মৃত্যুর সঙ্গে আলিঙ্গন ।
প্রতিটি জন্মদিনেই ছুঁয়ে থাকে
বিষাদের বিন্দু বিন্দু কণা ।
জন্মদিনে শত শুভেচ্ছার মাঝে
সেই বিষাদের সুর
বেশি করে আমার কানে এসে বাজে ।
জন্মদিনের কবিতাঃ দুই
জন্মদিনেও ফুল
মৃত্যু দিনেও ফুল
অথচ দুই ফুলের রংয়ে
কত তফাৎ!
জন্মদিনের কবিতাঃ তিন
মৃত্যুর দিকে ছুঁটে চলেছে জন্মদিন
এক একটা জন্মদিন মানে
মৃত্যুর পথে এক একটা মাইলস্টোন ।
একটার পর একটা মাইলস্টোন পেরিয়ে চলেছে
জন্মদিন । ছুটে চলেছে দুর্বার গতিতে ।
আঁকাবাঁকা , দুর্গম পথ পেরিয়ে
অভীষ্ট লক্ষ্যের দিকে …
জন্মদিনের কবিতাঃ চার
তবু জন্মদিন আসে , জন্মদিন যায়
বন্ধু , শুভাকাঙ্ক্ষীদের শুভাশীষ ,
শুভ কামনায় ;
প্রতিটি বছর রঙিন হয়ে আসুক
— এই দৃপ্ত অভিলাষে
আর একটি বছরের দিকে
গুঁটিগুঁটি পায়ে হেঁটে যায় ….
রেখে যায় ছিন্ন রঙিন পালক !
প্রতিমা
( ১)
মাটির প্রতিমাকে প্রণাম করি না
প্রতিমার মধ্যে
অধিষ্ঠাত্রী দেবীকেই খুঁজি অবিরাম ।
(২)
পুজোর পরেই
প্রতিমা বিসর্জন
দেবীর বিসর্জন হয় কি ?
(৩)
ভক্তের হৃদয়ে দেবীর অধিষ্ঠান
তার বিসর্জনও নেই
দহনও নেই ।
_______________
